ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি জরুরি অবস্থার মধ্যে নির্বাচনে অংশ নিতে অস্বীকৃতি জানালেও আশা ছাড়তে রাজি নন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। রোববার তিনি বলেছেন, "সঙ্কটের সময় হতাশার কথা নয়, আশার কথা বলতে হবে। আশার মধ্যেই সমাধান রয়েছে।"
আওয়ামী লীগ ও বিএনপি জরুরি অবস্থার মধ্যে নির্বাচনে অংশ নিতে রাজি না হওয়ায় কোনো বিরূপ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে সরকারের পাঁচ উপদেষ্টা যোগযোগ মন্ত্রণালয়ে বৈঠক করেন।
উপদেষ্টা গোলাম কাদেরের কার্যালয়ে ওই বৈঠকে অংশ নেন হোসেন জিল্লুর রহমান, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।
সভা শেষে সাংবাদিকরা দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা হোসেন জিল্লুর কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।
পরে শিক্ষা মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "নির্বাচনের আর তিনমাস বাকি। এখন আর হাত-পা গুটিয়ে বসে থাকার সময় নেই। যার যার অবস্থান থেকে আমাদের কাজ করে যেতে হবে।"
তিনি আরো বলেন, "সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগই নেয়া হচ্ছে। আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন। আমাদের উদ্যোগ শতভাগ ব্যবহার করা হবে।"
উপদেষ্টা বলেন, "দেশের এ সঙ্কটের সময় আমাদের হতাশার কথা বললে চলবে না। আমাদের আশা লালন করতে হবে। আমরা যেসব উদ্যোগ নিচ্ছি, তাতে সবাইকে একযোগে কাজ করতে হবে।"
পরে আইন উপদেষ্টা হাসান আরিফ সাংবাদিকদের বলেন, নির্বাচন নিয়ে তো কোনো সংশয় দেখছি না। আমরা আশা করছি, সময় মতোই নির্বাচন হবে। এ জন্য প্রয়োজনীয় সব উদ্যোগই নেয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২১৩১ ঘ.
bdnews24