কক্সবাজার, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন শনিবার বিকেলে, অপরজন রোববার সকাল ১১টায় ডুবে মারা যান।
এরা হলেন- ঢাকার সুত্রাপুর এলাকার শামসু মিয়ার ছেলে মোহাম্মদ রিন্টু (২২) ও কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার মোহাম্মদ ইসমাইলের ছেলে মিজানুর রহমান (১৬)।
একই সঙ্গে ভেসে গেলেও রিন্টুর বন্ধু তুষারকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তুষার ঢাকার বংশাল এলাকার বাবর উদ্দিনের ছেলে।
গত দুদিনে সাগরে গোসল করতে নেমে ছয়জন ভেসে গিয়েছিল। এদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
চলতি বছর এ পর্যন্ত ৩০ জন মারা গেছেন। আর ২০০৪ সাল থেকে এ পর্যন্ত মারা গেছেন ১৩৭ জন।
কক্সবাজার সমুদ্র সৈকতে দায়িত্বরত বেসরকারি প্রতিষ্ঠান ইয়াসির লাইফ গার্ডের পরিচালক মোস্তফা কামাল জানান, দুপুর পৌনে ১২টার দিকে লাবনী পয়েন্টে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমেছিল মোহাম্মদ রিন্টু (২২) ও নাজিম উদ্দিন তুষার (২১)। কিছুক্ষণের মধ্যে তারা সাগরে ভেসে যায়। ইয়াসির লাইফ গার্ডের সদস্যরা দ্রুত রিন্টু ও তুষারকে উদ্ধার করে।
তুষারকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি সুস্থ হয়ে উঠলেও রিন্টুকে মুর্মূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মৃত।
মোস্তফা কামাল জানান, শৈবাল পয়েন্টে শনিবার বিকালে গোসল করতে নেমে ভেসে গিয়েছিল কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ার মিজানুর রহমান (১৬)। রোববার সকাল ৭টার দিকে নাজিরারটেক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন জানান, রোববার সকালেই রিন্টু তার বন্ধুদের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজার এসেছিল।
তিনি জানান, শহরের রুমালিয়ারছড়ার মিজানুর রহমানের লাশ তার আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে রিন্টুর লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার আত্মীয় স্বজন এলে লাশ হস্তান্তর করা হবে।
ইয়াসির লাইফ গার্ডের পরিচালক মোস্তফা কামাল জানান, সকাল ১১টার দিকে বাবা মায়ের সঙ্গে সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে ভেসে যায় নিশা নামের ১০ বছর বয়সী এক শিশু। ইয়াসির লাইফ গার্ডের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করতে সমর্থ হয়।
তিনি জানান, শনিবার বেলা ১১টার দিকে লাবনী পয়েন্টে সাগরে ভেসে গিয়েছিল ঢাকা কলেজের দ্বিতীয় বর্ষের দুই ছাত্র দীপু ও সাবিল। তাদেরও দ্রুত উদ্ধার করা সম্ভব হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭২৯ ঘ.
bdnews24