২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেলে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ৬ জন আহত

রাজধানীর কারওয়ানবাজারের একটি হোটেলে সন্ত্রাসীদের গুলিতে হোটেল কর্মচারিসহ ছয় জন আহত হয়েছে। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2008, 09:57 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ানবাজারের একটি হোটেলে সন্ত্রাসীদের গুলিতে হোটেল কর্মচারিসহ ছয় জন আহত হয়েছে। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে টিসিবি ভবনের কাছের হোটেল ওয়েস্টার্নে একদল সন্ত্রাসী হামলা চালায়। তারা হোটেলের তিন তলার অভ্যর্থনা কক্ষে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে তিন জন আহত হয়। পরে পালিয়ে যাওয়ার আবারও গুলি করলে সিঁড়ি ও হোটেলের সামনে আহত হয় প্রহরী ও দুই গার্মেন্টস শ্রমিক। আহতরা হলেন হোটেলের ব্যবস্থাপক আবুল হোসেন, হোটেল কর্মচারি মো. সুমন, মো. ফারুক , প্রহরী মো.বাবুল এবং গার্মেন্টস শ্রমিক মো.আলম ও মো. সাইফুল ইসলাম। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ হোটেল ব্যবস্থাপক আবুল হোসেন সাংবাদিকদের জানান, সকালে অভ্যর্থনা কক্ষে কয়েকজন যুবক ঢুকে কিছু বুঝে ওঠার আগেই গুলি চালাতে থাকে। এতে তিনি ও দুই হোটেল কর্মচারি গুলিবিদ্ধ হন। পরে সন্ত্রাসীরা গুলি করতে করতে নিচে নেমে মাইক্রোবাসে চড়ে পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এসকে/১৫৪৯ঘ.