বরিশাল, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শোক আর শ্রদ্ধায় ভাষাসৈনিক মোশাররফ হোসেন নাননুকে শেষ বিদায় জানিয়েছে বরিশালবাসী।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের এই নেতা দীর্ঘদিন ক্যান্সারে ভুগে শনিবার রাতে মারা যান।
রোববার বেলা ১১টায় মোশাররফ হোসেন নাননুর মরদেহ নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে আনা হয়। সেখানে বিভিন্ন দল ও সংগঠনসহ সর্বস্তরের জনতা তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়।
বরিশালের মেয়র শওকত হোসেন হিরণ, আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন সেখানে।
সেখানে দুপুর ১২টায় জানাজা শেষে বরিশাল মুসলিম গোরস্তানে নাননুকে দাফন করা হয়।
ব্যক্তি জীবনে অত্যন্ত সাদাসিদেভাবে চলাফেরা করতেন নাননু। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।
বৃটিশবিরোধী সশস্র সংগ্রামী দল 'অনুশীলন' এর শেষদিককার সদস্য ছিলেন নাননু। পরবর্তী সময়ে যোগ দেন রেভলিউশনারি সোসালিস্ট পার্টিতে (আরএসপি)।
বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৪৮ সালে ঢাকায় মিছিল করার সময় পুলিশের লাঠির আঘাতে নাননুর হাতের আঙ্গুল ভেঙে যায়। পরে বরিশাল সর্বদলীয় ভাষা আন্দোলন কমিটির সদস্য ছিলেন তিনি।
মোশাররফ হোসেন সর্বশেষ নির্মল সেন নেতৃত্বাধীন শ্রমিক-কৃষক সমাজবাদী দলের সঙ্গে যুক্ত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৩ ঘ.
bdnews24