যশোর, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কয়েক দিনের প্রবল বর্ষণে কপোতাক্ষ নদের পানি হঠাৎ বেড়ে যশোরের কেশবপুর, মনিরামপুর ও ঝিকরগাছা উপজেলার অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে এ সব গ্রামের কয়েক হাজার পরিবার।
ইতোমধ্যে কয়েকটি এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রসহ স্কুল, মাদ্রাসায় আশ্রয় নিয়েছে কয়েক হাজার মানুষ।
শনিবার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আলম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ কপোতাক্ষ নদের পানি বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচে অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে।"
তিনি জানান, এ অঞ্চলে গত কয়েকদিন প্রবল বর্ষণ হয়েছে। আশপাশের এলাকা থেকে পানি কপোতাক্ষে এসে পড়েছে। ফলে পানি বেড়ে বাঁধের প্রায় ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কেশবপুরের বরণডালি গ্রামের আব্দুস সামাদ জানান, ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ইছামতি নদীর পানি কপোতাক্ষে প্রবেশ করায় পরিস্থিতি এমন ভয়াবহ রূপ নিয়েছে।
মনিরামপুরের ইউএনও মাহাবুব আলম বলেন, "এ উপজেলার ঝাপা, মশ্মিমনগর ও হরিহরনগর ইউনিয়নের অন্তত ৩০টি গ্রামে পানি থই থই করছে। এসব গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে।"
তিনি জানান, পরিস্থিতি মোকাবেলায় রাজগঞ্জ হাইস্কুল, ডুমুরখালী হাইস্কুল ও ডুমুরখালী মাদ্রাসায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছে।
কেশবপুরের ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান জানান, উপজেলার সাগরদাড়ি, ত্রিমোহিনী ও বিদ্যানন্দকাঠি ইউনিয়নের অনেক এলাকা প্লাবিত হয়েছে। এখানে অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে। কয়েক হাজার মানুষ স্কুল ও মাদ্রাসায় আশ্রয় নিয়েছে।
কেশবপুরের ইউএনও রেজাউল ইসলাম বলেন, "ইতোমধ্যেই ত্রাণ হিসেবে তার উপজেলার গ্রামগুলোর জন্য ৫ টন চাল বরাদ্দ করা হয়েছে। তবে আরও ত্রাণ দরকার।"
জেলা প্রশাসক নেপুর আহমেদ জানান, মরিামপুর, কেশবপুর ও ঝিকরগাছা উপজেলার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়েছে। ইতোমধ্যে বেশকিছু আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর, মাঠশিয়া, বালিয়াডাঙ্গা ও দিকদানা গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩২ ঘ.
bdnews24