পাবনা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি মহল ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় সংসদ নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী।
আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "মহল বিশেষের এ অপচেষ্টা ও ষড়যন্ত্র রখতে হবে।"
শনিবার পাবনার সাঁথিয়া উপজেলায় জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের এক অনুষ্ঠানে নিজামী এ কথা বলেন।
তিনি বলেন, "যারা রাজপথে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছিল; অবরোধের নামে জিম্মি করে রেখেছিল তারাই এই সরকারকে ক্ষমতায় এনেছে। দেড় বছরে মানুষের যে ভোগান্তি হয়েছে তার দায় দায়িত্ব ওই দলকেই নিতে হবে।"
আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে এর জবাব দেওয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান নিজামী।
তিনি বলেন, "ওই মহলটি এর আগে চারদলীয় জোট ভাঙতে নানা অপচেষ্টা করেছে। কিন্তু জোট ভাঙতে পারেনি।"
নিজামী বলেন, "চারদলীয় জোট সরকার যে উন্নয়ন শুরু করেছিল ২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচন না হওয়াতে তা বন্ধ হয়ে গেছে। দেশকে ২০ বছর পিছিয়ে দেওয়া হয়েছে। এর দায় দায়িত্ব ওই বিশেষ দল এবং এই সরকারকেই নিতে হবে।"
তিনি আরও বলেন, "গত ১৮ মাসে প্রমাণ হয়েছে গণতান্ত্রিক সরকারের কোন বিকল্প নেই।"
শনিবার বিকেলে সাঁথিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ছাত্র শিবির নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জামায়াত নেতা একেএম রফিকুন্নবী, শিবিরের কেন্দ্রীয় নেতা আব্দুল জব্বার খান, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৮ ঘ.
bdnews24