চট্টগ্রাম, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র ও ছিনতাইয়ের মালামালসহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর পাঁচলাইশ থানার রুবি গেইট এলাকা থেকে শুক্রবার রাতে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় তিন যুবককে। শনিবার ষোলশহর রেল স্টেশনের সামনে থেকে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
রুবি গেইট এলাকায় গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর বালুচরা এলাকার আব্দুর রহিমের ছেলে মো. রনি (২৬), হাটহাজারী বড় দীঘিরপাড় এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. নোবেল (২৫) এবং রাউজান উপজেলার ঈদিলপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে মো. মহিম (২৪)।
পাঁচলাইশ থানা এলাকার রুবি গেইট সংলগ্ন সিঅ্যান্ডবি কলোনি মোড়ের এসএ টেলিকম সেন্টার নামে একটি দোকান থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ।
তাদের কাছ থেকে একটি দেশে তৈরি এলজি, দুটি কার্তুজ ও একটি ছোরা উদ্ধার করা হয় বলে তিনি জানান।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
এদিকে ষোলশহর রেল স্টেশনের সামনে থেকে শনিবার সকালে ছিনতাইকৃত মালামালসহ চার জনকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- হাটহাজারী উপজেলার মন্দাকিনী গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে মোহাম্মদ বাদশা (২২), একই গ্রামের খায়রুল বশরের ছেলে মো. এরশাদুল (২৪), ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর গ্রামের নুর আহম্মদের ছেলে মো. জুয়েল (২০) এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ গ্রামের মৃত জাকের হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৪)।
ছিনতাইকাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও ওই সময় আটক করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শহীদ নগর এলাকায় সকাল ৬টার দিকে চার-পাঁচজন সশস্ত্র ছিনতাইকারী দুই মহিলার কাছ থেকে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনতাই করে। ছিনতাইকারীরা প্রাইভেটকার যোগে ষোলশহর রেল স্টেশনের সামনে দিয়ে পালিয়ে যাওয়ার পথে পুলিশ তাদের গতিরোধ করে।"
তিনি বলেন, "ছিনতাইকারীরা গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়।"
প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ছিনতাই করা তিনটি মোবাইল ফোন সেট, দুটি স্বর্ণের চেইন পাওয়া যায় বলে ওসি আনিছুর জানান। এছাড়া ওই গাড়িতে তিনটি ছোরা, একটি দা, রশি এবং তালা ভাঙ্গার একটি আংটাও পাওয়া যায়।
এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮১৩ ঘ.
bdnews24