ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গলে বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে কুমিল্লায় দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
আামাদের শ্রীমঙ্গল প্রতিনিধি জানান, শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়কের ইসবপুর এলাকায় বৃহস্পতিবার ঈদের রাতে একটি অটো টেম্পুর সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত ও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহতের নাম শারজুল (২৫)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার জগৎপুর গ্রামের রমজান মিয়ার ছেলে।
আহতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার ঢেউপাশা গ্রামের ইউনুছ মিয়ার ছেলে ফজল (২৫) ও একই গ্রামের মুহিবুল হক চৌধুরীর ছেলে মাহবুব (২৫)। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার দায়িত্বরত কর্মকর্তা মজিবুর রহমান জানান, অটো টেম্পুটি মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে আসছিল। এ সময় দ্রুত গতিতে আসা মোটর সাইকেলটির সঙ্গে টেম্পুর সংঘর্ষ হয়। দমকল কর্মীরা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, শারজুল মারা গেছে।
আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ও চান্দিনায় দুটি সড়ক দুর্ঘটনায় শুক্রবার অন্তত ৫০ জন আহত হয়েছে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে জিগাতলী এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে বাস দুটির অন্তত ৪০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে ১৫ জনকে দাউদকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
অপর দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৭টার দিকে চান্দিনার নাওতলা এলাকায়।
চান্দিনা থানার উপপরিদর্শক রমিজ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পানিতে পড়ে গেলে ১০ আরোহীর সবাই কমবেশি আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৪০০ ঘ.
bdnews24