রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত চারমাসে বাবার সঙ্গে একবারও দেখা হয়নি পাঁচ বছর বয়সী জান্নাতুল ফেরদৌসের। তাই ঈদের দিন সকাল ৯টায় মায়ের হাত ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সামনে হাজির হয়েছে সে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে জান্নাত বললো, "বাবায় জেলে আটকা, ঈদের দিনে তারে দ্যাখতে আইছি।"
কেরানীগঞ্জ থেকে আসা জান্নাতের মা আলো বেগমের এক হাতে ব্যাগের মধ্যে স্বামীর জন্য সেমাই, মাংস, ভাত। অন্য হাতে তিনি ধরে রেখেছেন পাঁচ মাসের ছেলে ছোয়াদকে। ঈদের দিন কারাগারের বন্দিরা সন্তানদের আদর করার অনুমতি পায়। জান্নাতও সেই অপেক্ষাতেই দাঁড়িয়ে, কারা ফটকের সামনে।
জান্নাতের মতো আরো অনেক শিশুই বৃহস্পতিবার মায়ের সঙ্গে কারাগারে এসেছে বাবাকে দেখতে। কারো এসেছে ভাই-বোন বা মা। স্বজনরা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছেন ঈদের খাবার।
তবে ব্যতিক্রমও আছে। প্রিয় কেউ আসবে- এই অপেক্ষায় অনেক কয়েদীই হয়তো প্রতিক্ষার প্রহর গুণেছেন; কিন্তু কেউ আসেনি।
কারাগারের উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সারা দেশে বিভিন্ন কারাগারে মোট ৮৪ হাজার বন্দির সবাইকেই ঈদের দিন স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হয়। স্বজনরা সকাল থেকেই কারাগারগুলোর সামনে ভিড় করতে শুরু করেন। তবে সব বন্দির স্বজনরা আসেন না।
বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে ঢুকে দেখা গেল, মেঘনা, পদ্মা, যমুনাসহ বিভিন্ন হাজতী ও কয়েদীখানার সামনে চৌবাচ্চায় গোসলে ব্যস্ত বন্দিদের। গোসল শেষ করে পাজামা, পাঞ্জাবী আর টুপি পড়ে যমুনা চত্বরে ঈদের নামাজের নির্ধারিত স্থানে সারিবদ্ধভাবে বসে গেছেন অনেকে। নামাজ শেষে একে অন্যকে জড়িয়ে ধরে কোলাকুলি করলেন, মোনাজাতের সময় কাঁদলেনও কেউ কেউ।
ডাণ্ডা-বেরি পরা অবস্থায় ঈদের নামাজে অংশ নেন ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি মুফতি হান্নান। নামাজ শেষে নিজের সহযোগীদের সঙ্গে কোলাকুলি করেন তিনি।
সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনটি ঈদের জামাত হয়। কারাগারে ডিভিশনপ্রাপ্ত সাত বন্দির জন্য আলাদা একটি জামাত হয়। কারাগারের মহাপরিদর্শক ও উপ মহাপরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা ঈদের নামাজ পরেন আলাদা জামাতে।
তবে বান্দিদের সবাই নামাজ পড়েননি। গরাদখানার বাইরের ফাঁকা জায়গায় ঘুরে বেড়িয়েছেন কেউ কেউ। দোতলার জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতে দেখা গেল দুএকজনকে।
কারাগারের পরিচ্ছন্ন কর্মীরা ব্যস্ত ছিলেন নিজেদের কাজে। খালি গা, ময়লা থ্রি কোয়ার্টার প্যান্ট পরে টয়লেট পরিস্কার করার ফাঁকে সিগারেট টানতে টানতে এমনই একজন জানালেন, ১০ বছর ধরে সাজা খাটছেন, এই সময়ে সবগুলো ঈদই পার করেছেন কারাগারে।
বিরক্তির সঙ্গে তিনি বললেন, "ঈদের দিন এইসব করতে ভালো লাগে না।"
ঈদ উপলক্ষে 'দিশারী: বন্দি মনের মুক্ত কথা' নামে একটি দেওয়াল পত্রিকা প্রকাশ করেছে বন্দিরা। কারা কর্তৃপক্ষ বন্দিদের জন্য 'উন্নত' খাবার আর সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করেছে।
সামসুল হায়দার ছিদ্দিকী জানালেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের নয় হাজার তিনশ বন্দির জন্য ঈদের দিন সকালে সেমাই-মুড়ি, দুপুরে ইলিশ মাছ, আলুর দম ও সব্জি দিয়ে ভাত এবং রাতে গরুর মাংস, সব্জি, পোলাও, কোল্ডড্রিংকস এবং যারা গরুর মাংস খায় না তাদের জন্য ডিমের ব্যবস্থা করা হয়েছে।
শনিবার দেশের সব কারাগারে ঈদ পুনর্মিলনী হবে। এতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে বন্দিরা।
মেজর সিদ্দিকী জানান, সারাদেশে ৮৪ হাজার বন্দির মধ্যে সাজাপ্রাপ্ত কয়েদির সংখ্যা ৩০ হাজার । বন্দিদের মধ্যে তিন হাজার নারী রয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারী বন্দির সংখ্যা ৪৮৬ এবং তাদের সন্তান হিসেবে কারাগারে জীবনযাপন করছে ৭৬টি শিশু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/জেকে/১৯০০ ঘ.
bdnews24