মৌলভীবাজার, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গলের এক গ্রামে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। পূর্বশত্র"তার জের ধরে চালানো ওই হামলায় তার তিন ছেলেও গুরুতর আহত হয়।
কালাপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের ঘাটের বাজারে এ ঘটনা ঘটেছে। নিহতের নাম আব্দুল মান্নান (৬৫)। তিনি হাজীপুর গ্রামের হাজী খাইরুল্লার ছেলে।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ইফতারের মিনিট দশেক আগে প্রতিপক্ষের লোকজনের হামলায় লাঠি ও হাতুড়ির আঘাতে বৃৃদ্ধ আব্দুল মান্নান নিহত হন।
তিনি জানান, একই গ্রামের প্রতিবেশী মহসীন মিয়ার মেয়ে নিজের পছন্দে আব্দুল মান্নানের ছেলে মোস্তানকে বিয়ে করলে মহসীন মিয়া তা মেনে নিতে পারেননি। মাস তিনেক আগে পারিবারিক কলহের কারণে দুই সন্তানসহ বাবার বাড়ি চলে যান মহসীন মিয়ার মেয়ে। এর পরে স্বামী মোস্তান আর তাদের কোন খোঁজ নেননি।
বুধবার সন্ধ্যায় আব্দুল মান্নান, তার তিন ছেলে ও এক নাতি বাজারে গেলে তাদের ওপর অতর্কিত হামলা করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আলমগীর।
মান্নানের আহত ছেলে মোস্তানকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বাজারে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। তার বাবাকে মাটিতে ফেলে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারা হয়।
মোস্তানের দুই ভাই ফারুক ও দুরুদকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য তা মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সুরতহাল প্রতিবেদনে নিহতের মাথায় হাতুড়ির চিহ্ন থাকার কথা উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসকে/১৬৫৭ঘ.
bdnews24