কিশোরগঞ্জ, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবছরের মতো এবারও দেশের বৃহত্তম ঈদের জামাত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে।
স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী, ১৮২৮ সালে শোলাকিয়া ময়দানে প্রথম ঈদ জামাত হয়েছিল। সেই হিসেবে এবারের জামাতটি হচ্ছে ১৮১তম।
প্রায় সাত একর আয়তনের এই ময়দানে ঈদের জামাতে শরিক হতে গত বুধবার থেকে অন্যান্য জেলার মুসল্লিরাও কিশোরগঞ্জে আসেন। বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে বিশাল ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এবারের ঈদ জামাতে মুক্তিযোদ্ধাদের জন্য একটি বিশেষ কাতারের ব্যবস্থা করে ঊদগাহ ব্যবস্থাপনা কমিটি।
কমিটির সদস্য সচিব মাহবুবুল হক ঝুনুর মতে এবারের ঈদ জামাতে সাড়ে তিন লাখের বেশি মুসল্লি অংশ নিয়েছেন।
জামাত শুরুর ১৫ মিনিট, ১০ মিনিট ও ৫ মিনিট আগে মুসল্লিদের দৃষ্টি আকর্ষণের জন্য শটগানের সাহায্যে যথাক্রমে ৩টি, ২টি ও ১টি করে গুলি করা হয়। সকাল ১০টায় শুরু হওয়া জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মো. ছাইফুল্লাহ। নামাজ, খুতবা ও দোয়ার মাধ্যমে ১০টা ৪৫ মিনিটে জামাত শেষ হয়। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহ্র শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
জেলার পদস্থ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক ও জনপ্রতিনিধিসহ সব শ্রেণী পেশার লোকজন অংশ নেন।
এদিকে ঈদ জামাতে দায়িত্ব পালন শেষে ফেরার পথে জেলা শহরের গাইটাল এলাকায় আরটিভির মাইক্রোবাসের নিচে চাপা পড়ে অজ্ঞাত পরিচয় এক কিশোর আহত হয়। এতে উত্তেজিত জনতা মাইক্রোবাসটি ভাঙচুর করে এবং চালক নূর মোহাম্মদকে মারধর করে।
আহত কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/১৬৪০ ঘ.
bdnews24