২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"আমাদের জীবনে ঈদ বলতে কিছু নাই"

প্রলয়ঙ্করী সিডরে নিখোঁজ হওয়া ভোলার আট জেলে পরিবারে ঈদের কোনো আনন্দ নেই। আছে অভাবের সঙ্গে নিরন্তর যুদ্ধ করে বেঁচে থাকার কষ্ট। কেউ জানে না এবার তাদের ঈদ কীভাবে কাটবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2008, 09:52 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ভোলা, ১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রলয়ঙ্করী সিডরে নিখোঁজ হওয়া ভোলার আট জেলে পরিবারে ঈদের কোনো আনন্দ নেই। আছে অভাবের সঙ্গে নিরন্তর যুদ্ধ করে বেঁচে থাকার কষ্ট। কেউ জানে না এবার তাদের ঈদ কীভাবে কাটবে। উপার্জনক্ষম পুরুষদের হারিয়ে একপেট-আধপেট খেয়ে বেঁচে থাকা পরিবারগুলোর জীবনে 'ঈদ বলে কিছু নেই'। গত বছরের ১৫ নভেম্বরের সিডরের তিনদিন আগে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এ জেলার আট জেলে আজও ঘরে ফেরেনি। কোনোদিন হয়তো ফিরে আসবে এ আশায় এখনও পথ চেয়ে থাকেন তাদের মা, বাবা, স্ত্রী ও প্রিয় সন্তানরা। সবারই ধারণা প্রলয়ঙ্করী সিডরের কবলে পড়ে তাদের ইঞ্জিন নৌকা ডুবে গেছে, তারা কেউ আর বেঁচে নেই। মঙ্গলবার ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ এলাকার ওই আট জেলে পরিবারের সদস্যরা তাদের কষ্টের কথা তুলে ধরেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে। সিডরের রাতে নিখোঁজ আট জেলে হলেন- আহাদ আলী মালের ছেলে বজলুর রহমান মাল (৩৫), সেরাজুল হক মালের ছেলে জসিম মাল (৩০), তফাজ্জল হোসেন মালের ছেলে রুবেল মাল (১৯), খালেক মাঝির ছেলে নুরুদ্দিন (৩০), আবু ছালামের ছেলে মামুন (১৮), মো. মুনাফের ছেলে ইব্রাহিম (১৮), ইউনুছ খানের ছেলে জামাল খান (৩৪) এবং আনিস চৌকিদারের ছেলে সহীদুল (৩৪)। বজলুর রহমান মালের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, "আমাদের জীবনে ঈদ বলতে কিছু নাই।" তিনি জানান, সিডরে তার ঘরের চাল উড়ে গেছে। স্থানীয় চেয়ারম্যানের দেওয়া এক হাজার টাকায় ভাঙা ঘরটি দাঁড় করিয়েছেন। সরকারের ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে তার নাম দেওয়া হয়েছে। যেদিন কাজ হয় সেদিন একশ' টাকা পান। পাঁচ মেয়ে নিয়ে তা দিয়ে দিনে এক বেলা খেয়ে বেঁচে আছেন। জসিম মালের মা আনোয়ারা বেগম (৬০) ছেলে হারানোর কষ্টে পাথর হয়ে আছেন। অভাবের কারণে জসিমের স্ত্রী জেসমিন ছেলে সুমন, সিহাব ও সিয়ামকে নিয়ে বাপের বাড়ি চলে গেছেন। নুরুদ্দিনের বাবা খালেক মাঝি (৬০) বলেন, "আমাদের ঈদ আবার কী? রোজগার করা ছেলেকে হারিয়ে এখন খেয়ে না খেয়ে কোনোমতে জীবন চলছে।" সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে কেউ তাকে সাহায্য দেয়নি বলে অভিযোগ করেন খালেক মাঝি। ঈদ করার জন্য নুরুদ্দিনের স্ত্রী রাবেয়া বেগমও দু'ছেলে রাকিব ও সাকিবকে নিয়ে সোমবার বাপের বাড়ি চলে গেছেন। নিখোঁজ জেলে পরিবারের সদস্যদের আক্ষেপ, এ পর্যন্ত কেউ তাদের খোঁজ নেয়নি। চেয়ারম্যান শাজাহান বাদশা বলেন, সিডরে জেলার মধ্যে তার ইউনিয়নই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও প্রয়োজনের তুলনায় ত্রাণ ও অর্থ সাহায্য কম পাওয়া গেছে। তাই সবাইকে চাহিদামতো সাহায্য করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/১৫৪৫ঘ.