২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মামলা কেন জনগুরুত্বপূর্ণ

শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর করা চাঁদাবাজির মামলাটি কেন জনগুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে, বৃহস্পতিবার সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী সোমবার এ সংক্রান্ত নথি আদালতে জমা দিতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 04:47 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর করা চাঁদাবাজির মামলাটি কেন জনগুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে, বৃহস্পতিবার সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী সোমবার এ সংক্রান্ত নথি আদালতে জমা দিতে বলা হয়েছে। এদিকে মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্তির বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানিতে এমিকাস কিউরি টি এইচ খান বলেছেন, জরুরি অবস্থায় হাইকোর্ট তার দরজা জনগণের জন্য বন্ধ করতে পারে না। বৃহস্পতিবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের বেঞ্চে এমিকাস কিউরিদের শুনানি শেষ হয়। আগামী সোমবার রিটটির ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে। ওইদিন শুনানিতে অংশ নেবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব। এমিকাস কিউরি হিসেবে শুনানিতে টি এইচ খান বলেন, "রাষ্ট্রের তিনটি অঙ্গ। কোনো অঙ্গ অন্য অঙ্গের ওপর প্রভাব বিস্তার করতে পারে না। বিচার বিভাগের কাজের আওতা নির্ধারিত। বিচারপ্রার্থী জামিন চাইবে, আদালত তা বিবেচনা করবে। এর সঙ্গে সর্বোচ্চ আদালতের মর্যাদার প্রশ্ন জড়িত।" তিনি আদালতের কাছে প্রশ্ন রাখেন, "জরুরি অবস্থার সময় আপিল বিভাগের বিচার বিবেচনা কি বদলে যাবে? আগে যেসব মামলায় জামিন দেওয়া হতো না এখন সেসব মামলায় আপিল বিভাগ কি জামিন দেবে?" টি এইচ খান বলেন, "সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ এখনো জীবিত আছে। ১৯৭৪ সালেও জরুরি অবস্থা ছিল। বর্তমান জরুরি অবস্থা তারই সংশোধিত বাংলা রূপ। তখন হাইকোর্টের ওপর আঁচড় দেওয়া হয়নি। এখনও জরুরি অবস্থার নামে হাইকোর্টের গায়ে আঁচড় দেওয়া যাবে না।" জরুরি অবস্থায় হাইকোর্টের ক্ষমতার ওপর কোনো প্রভাব পড়ে না জানিয়ে তিনি বলেন, "হাইকোর্টের ওপর আস্থা রাখতে হবে। জামিন দেওয়া বা না দেওয়া হাইকোর্টের এখতিয়ার। জরুরি অবস্থায় হাইকোর্টের ক্ষমতা রদ হয় না। হাইকোর্ট তার দরজা জনগণের জন্য বন্ধ করতে পারে না।" টি এইচ খান প্রশ্ন তোলেন, "কোন মামলা জনগুরুত্বপূর্ণ আর কোন মামলা নয়, একজন সচিব বা কমিশনার কীভাবে তা বুঝবেন?" তার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বেঞ্চ শেখ হাসিনার মামলাটি কেন জনগুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে সে সংক্রান্ত নথি আগামী সোমবার আদালতে উপস্থাপনের জন্য নির্দেশ দেয়। দুপুরে রিটটির ওপর শুনানির সময় শেখ হাসিনার কানাডিয়ান আইনজীবী ড. পায়াম আকাভান কিছু সময় আদালতে অবস্থান করেন। আদালত থেকে বের হওয়ার সময় আকাভান সাংবাদিকদের বলেন, লন্ডনে গিয়ে তিনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পর্কে সংবাদ সম্মেলন করবেন। প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ব্যবসায়ী আজম জে চৌধুরী গতবছর ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। গত ১৬ জুলাই শেখ হাসিনাকে আটক করার পর ওইদিনই মামলাটি জরুরি ক্ষমতা আইনের আওতায় নেয়া হয় এবং হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদালতেই মামলাটির বিচার কার্যক্রম চলছে। এদিকে হাসিনার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ৩০ জুলাই একটি রুল জারি করে। মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না ওই রুলের মাধ্যমে সরকারের কাছে তার কারণ জানতে চায় হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২২২৭ ঘ.