ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। অন্য কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে সরকারকে নির্দেশও দেওয়া হয়েছে।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চ কামরানের আটকাদেশ চ্যালেঞ্জ করে তার ছেলে আরমান আহমেদের করা রিটের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ করে বৃহস্পতিবার এ আদেশ দেয়।
তবে অন্য মামলা থাকায় মেয়র কামরান এখনই কারামুক্ত হচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী এম আমিনউদ্দিন।
গতবছর ১৯ মে বদরুদ্দিন কামরানকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এরপর ২১ মে তাকে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেয় সরকার।
আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে তার ছেলে আরমান আহমেদ গত বছরের ৬ জুন হাইকোর্টে রিট আবেদন করেন। একই মাসের ১৭ তারিখ আদালত মেয়র কামরানের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করে।
মেয়র কামরানের পক্ষে রিটের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুবিনা আসাফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএ/১৯১৮ঘ.
bdnews24