ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক বাজার থেকে চড়া দামে তেল কিনে কম দামে দেশীয় বাজারে বিক্রি করায় নভেম্বর-ডিসেম্বর মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ১১শ' কোটি টাকা লোকসান হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার এক বৈঠকে এ তথ্য জানানো হয়।
দেশে গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে চলতি বছর আরও ২৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সঞ্চালন লাইনে যুক্ত হবে বলেও জানানো হয়েছে বৈঠকে।
মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম. তামিমের সভাপতিত্বে বৈঠকে জ্বালানি সচিব মোহাম্মদ মহসিন, বিদ্যুৎ বিভাগের সচিব ড. এম ফাওজুল কবির খান, মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমাডেন্ট মেজর জেনারেল এম এ ওয়াদুদ ও বিপিসির চেয়ারম্যান আনোয়ারুল কবির উপস্থিত ছিলেন।
অধ্যাপক ম. তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈঠকে সার্বিক অবস্থার মূল্যায়ন করা হয়েছে। বিভিন্ন কাজের পর্যায়গুলো পর্যালোচনা করা হয়েছে। দেখা হয়েছে কিভাবে এসব তরান্বিত করা যায়।
বৈঠকে বিপিসি চেয়ারম্যান এম আনোয়ারুল করিম জানান, দেশে ২ লাখ ৭২ হাজার টন তেল মজুদ করার ক্ষমতা রয়েছে। বর্তমানে মজুদ আছে ২ লাখ ৪২ হাজার ৫০০ টন। বোরো মওসুমে তেল সরবরাহে কোনো সমস্যা হবে না। তবে পাচার প্রতিরোধ করতে হবে। এ জন্য তিনি টাস্কফোর্সের সহায়তা চান।
আনোয়ারুল করিম বলেন, বেশি দাম দিয়ে কিনে কম দামে বিক্রি করায় গত দু'মাসে পেট্রোবাংলার ১১শ' কোটি টাকা লোকসান হয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে ভবিষ্যতে নগদ টাকায় তেল কেনা যাবে না।
পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) মেজর মো. মোক্তাদীর আলী বৈঠকে গ্যাসের বর্তমান মজুদ ও উত্তোলনের হিসাব দেন।
তিনি জানান, বর্তমানে গ্যাসের চাহিদা ১৮৬৫ মিলিয়ন ঘনফুট। এরমধ্যে বিদ্যুৎ খাতের চাহিদা হচ্ছে ৭৩৯ মিলিয়ন ঘনফুট, সারকারখানাগুলোতে ২৮৯ মিলিয়ন ঘনফুট ও অন্যান্য খাতে ৮৪৬ মিলিয়ন ঘনফুট। চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে বিদ্যুৎ খাতে ৬৪৩ মিলিয়ন ঘনফুট, সার কারখানাগুলোতে ২৪৯ মিলিয়ন ঘনফুট ও অন্যান্য খাতে ৮৬৭ মিলিয়ন ঘনফুট।
বৈঠকে বলা হয়, উত্তোলন বাড়িয়ে গ্যাসের ঘাটতি মেটানো সম্ভব। তবে সঞ্চালন লাইনে সমস্যার কারণে উত্তোলন বাড়িয়েও কাজ হচ্ছে না।
২০০৮ সালে ক্রমান্বয়ে অতিরিক্ত ২৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সঞ্চালন লাইনে সরবরাহ করা যাবে- জানিয়ে বৈঠকে বলা হয়, এর মধ্যে বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে থেকে ১৫০ মিলিয়ন ঘনফুট, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের আওতাধীন হবিগঞ্জ গ্যাসক্ষেত্রের ১১ নম্বর কূপ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট, ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের ২ নম্বর কূপ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট, বাখরাবাদ গ্যাস ক্ষেত্রের ২ ও ৫ নম্বর কূপ থেকে ২০ মিলিয়ন ঘনফুট, মেঘনা গ্যাস ক্ষেত্র থেকে ১৫ মিলিয়ন এবং ফেনী গ্যাসক্ষেত্রের ৬ ও ৭ নম্বর কূপ থেকে ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএ/১৯২৮ঘ.
bdnews24