ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবর্তিত পরিস্থিতি ও বহু-মেরু ভিত্তিক (মাল্টি-পোলার) বিশ্ব ব্যবস্থার কথা বিবেচনায় রেখে বাংলাদেশকে নীতি গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এর পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপরও জোর দিয়েছেন তারা।
মঙ্গলবার গ্যাটে ইনস্টিটিউটে (জার্মান সাংস্কৃতিক কেন্দ্র) 'স্ট্রাটেজিক চেঞ্জ' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ বিষয়ে আলোচনা করেন। জার্মান দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ ইন্সটিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজ (বিআইপিএসএস) এ বৈঠকের আয়োজন করে।
বৈঠকে প্যানেল বক্তাদের মধ্যে ছিলেন জার্মানির ফিলিপস ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ইন্সটিটিউটের ড. উইলফ্রিড ফন ব্রেডো, বিবিসির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বয়ক ড. এস এম আলী এবং সাবেক সচিব ও রাষ্ট্রদূত মুহাম্মদ জমির। এছাড়া রাজনীতিবিদ, শিক্ষাবিদসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
বৈঠকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্বশক্তির অবয়বে পরিবর্তন ও আন্তর্জাতিক রাজনীতিতে জাপানের প্রভাব এবং আঞ্চলিক শক্তি হিসেবে ইরান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর উত্থান নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো বড় শক্তিগুলো ওইসব দেশের নীতিগুলোকে গুরুত্ব দিচ্ছে এবং বিশ্ব পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিচ্ছে।
বাংলাদেশের অর্থনীতি আরও মজবুত এবং আন্তর্জাতিক বিষয়গুলোতে মতামত দিতে বাংলাদেশকে একটি অবস্থানে নিয়ে যাওয়ার ব্যাপারেও গুরুত্বারোপ করেন বক্তারা।
গোলটেবিল বৈঠক শেষে বিআইপিএসএস এর সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, বিশ্বশক্তি হিসেবে ভারত ও চীনের উত্থান এখন বাস্তবতা। বাংলাদেশকে এ বিষয়ে সচেতন হতে হবে এবং এ ধরনের শক্তিশালী প্রতিবেশী দেশের সঙ্গে থেকে জাতীয় স্বার্থ রক্ষার জন্য তৈরি হতে হবে।
দেশের জনশক্তির দক্ষতার উন্নয়নের ওপর জোর দিয়ে মনিরুজ্জামান বলেন, "ভারত ও চীন বৃহৎ শক্তি হিসেবে উঠে এলে তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে, এর সঙ্গে তাল মিলিয়ে শ্রমের মূল্যও বাড়বে।"
ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস এম আলী বলেন, ১৯৭১ সালে ভারত বাংলাদেশের মিত্র ছিল। কিন্তু গত ৩৭ বছরে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। এর দায় দুই দেশের ওপরই বর্তায়।
বাংলাদেশের রাষ্ট্রনেতাদের জাতীয় স্বার্থ সম্পর্কে সচেতনতা কম থাকায় ভারতের সঙ্গে বাংলাদেশের কার্যকর দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হয়নি বলে মনে করেন ড. আলী।
বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ জনশক্তি- এ কথা জানিয়ে ড. ব্রেডো বলেন, "প্রতিযোগিতামূলক বিশ্ববাজার মোকাবেলায় জনশক্তি একটি গুরুত্বপূর্ণ সম্পদ। আগামী দিনগুলোর জন্য জাতিকে তৈরি করতে শিক্ষা খাতে আরও বিনিয়োগ করতে হবে এবং 'স্টুডেন্ট এক্সচেঞ্জ' কার্যক্রম বাড়াতে হবে।"
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে তিনি বলেন, "সমস্যাগুলো সমাধানের জন্য এগুলোকে বহুজাতিক কাঠামোতে আনতে হবে। এ জন্য সার্ক, সাফটাসহ এ জাতীয় সংস্থাগুলোকে আরও কার্যকর করতে হবে।"
বাংলাদেশের জন্য ভারত হুমকি হয়ে উঠতে পারে কী না- জানতে চাইলে ব্রেডো বলেন, পানি সমস্যা, বাণিজ্য ও ট্রানজিট এবং সীমান্তে অবৈধ অনুপ্রবেশ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সমস্যা বহু দিনের। এর অনেকগুলো জটিল হলেও এর কারণে কোনও ধরনের হুমকি তৈরি হবে না। তবে সমস্যাগুলোর সমাধান দরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমআই/১৩৫৮ ঘ.
bdnews24