চট্টগ্রাম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে সাময়িক বরখাস্তকৃত চট্টগ্রাম বন্দরের চিফ হাইড্রোগ্রাফার হাবীবুর রহমান খান ও তার স্ত্রী রোকসানা খানের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার বিকালে ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক আবুল কালাম আজাদ।
ডবলমুরিং থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মর্জিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন, সম্পত্তির উৎস সংক্রান্ত তথ্য গোপন এবং দুদকে সম্পত্তির মিথ্যা বিবরণী জমা দেওয়ার অভিযোগে হাবীবুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশন আইন ২৬(২) ও ২৭(১), দণ্ডবিধির ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইনের ৫এর ২ এবং জরুরি ক্ষমতা বিধিমালা ১৫-ঘ(৫) ধারায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
দুদকের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাবীবুর রহমান ও তার স্ত্রী রোকসানা আক্তার যে হিসাব বিবরণী জমা দিয়েছেন তাতে ৩৫ লাখ ৮৮হাজার ৯৭০ টাকার সম্পত্তি থাকার কথা উল্লেখ করলেও দুদকের অনুসন্ধানে ১ কোটি ৮৭ লাখ ২৬ হাজার ৩৮৯ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পত্তি অর্জনের হিসাব পাওয়া গেছে।
তিনি জানান, এছাড়া হাবীবুর রহমান ও তার স্ত্রী ১ কোটি ৫ লাখ ২৫ হাজার ৮৩ টাকার সম্পত্তির হিসাবের তথ্য গোপন এবং ৮০ লাখ টাকা দিয়ে ঢাকায় কেনা দুটি ফ্ল্যাটের তথ্যও গোপন করেছেন।
পুলিশ কর্মকর্তা মর্জিনা আক্তার জানান, এ মামলায় অভিযোগ করা হয়, হাবিবুর রহমান খান সরকারি ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন ও তথ্য গোপন করেছেন।
এপ্রিলে বন্দর থেকে হাবীবুর রহমানকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। বর্তমানে তিনি জামিনে আছেন। তবে তার স্ত্রী পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০২৪ ঘ.
bdnews24