২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবার থেকে শুরু করতে হবে দুর্নীতিবিরোধী অভিযান: হাসান মশহুদ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরী বলেছেন, বর্তমান পরিস্থিতিই দুর্নীতির বিরুদ্ধে কথা বলার শ্রেষ্ঠ সময়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরী বলেছেন, বর্তমান পরিস্থিতিই দুর্নীতির বিরুদ্ধে কথা বলার শ্রেষ্ঠ সময়। তিনি বলেন, "পরিবার থেকেই শুরু করতে হবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান। স্কুল, কলেজ, মসজিদ-মাদরাসাসহ সমাজের সকল স্থানে দুর্নীতির বিরুদ্ধে সমালোচনা করতে হবে। দুর্নীতির কারণেই আজ আমাদের জাতীয় অহংকারের প্রতি আঘাত এসেছ্।ে মুষ্টিমেয় কিছু লোকের কারণে এ দেশ বার বার দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিশ্বের মানুষের কাছে চিহ্নিত হয়েছে। এ অবস্থার পরিবর্তন করতে হবে।" আমাদের নড়াইল প্রতিনিধি জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় সরকারি ভিক্টোরিয়া কলেজ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ অভিযান সংক্রান্ত এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এ কথা বলেন। দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, "এখন থেকে যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিরোধ করতে হবে। প্রয়োজনে মানব-বন্ধন, র‌্যালির মত কর্মসূচি গ্রহণ করতে হবে। এ কাজে দুর্নীতি প্রতিরোধ কমিটি, এনজিওসহ সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।" নড়াইলের জেলা প্রশাসক মো. আব্দুল কাইউম সরদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দুর্নীতি দমন কমিমনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আবু তালেব মিয়া, নড়াইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রশিদুল হাসান, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অধ্যক্ষ তাপসী কাপুড়িয়া, অধ্যক্ষ এসএম বদরুজ্জামান প্রমুখ। দুর্নীতি প্রতিরোধ কমিটির মহাপরিচালক মো. আবু তালেব মিয়া বলেন, "মুষ্ঠিমেয় দুর্নীতিবাজরা আমাদের অধিকার হরণ করেছে। তাদের বিরুদ্ধে বর্তমানে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।" এর আগে সকালে মেহেরপুর সদর উপজেলা মিলনায়তনে 'দুর্নীতি প্রতিরোধে করণীয় ও ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেন, "দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের ধিক্কার জানাতে হবে। আমরা আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চাই না।" আমাদের মেহেরপুর প্রতিনিধি জানান, হাসান মশহুদ দুর্নীতি প্রতিরোধে জনগণের মধ্যে দেশপ্রেম ও ধর্মীয় অনুভূতি জাগ্রত করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, "এখন দুর্নীতিই বাংলাদেশের একমাত্র শত্র"। তাকে যে কোন উপায়ে সকলে মিলে রুখতে হবে। তবেই এদেশ উন্নতির চরম শিখরে উঠবে। দুদক চেয়ারম্যান বলেন, বেতন বৃদ্ধি ও দ্রব্যমূল্য কমালেই দুর্নীতি বন্ধ হবে না। এ জন্য সবাইকে অভ্যাস বদলসহ আরও সৎ ও নীতিবান হতে হবে। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, "শুধু বড় বড় প্রশ্ন ও অভিযোগ নয়, আসুন আমরা সবাই স্ব-স্ব অবস্থান থেকে ভালো হই দুর্নীতিকে বিতাড়িত করি, দুর্নীতিবাজকে সমাজচ্যুত করি। মতবিনিময় সভায় দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আবুল তালেব মিয়া ছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাহার আলী, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৬ ঘ.