ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারছেন না বিদেশি আইনজীবী ড. পায়েম আকাভান।
কারা মহা-পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেল কোডে বিধান না থাকায় ড. পায়েম শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারছেন না।"
বিশেষ কারাগারে শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য সোমবার ড. পায়েমের পক্ষে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। হাসিনার হয়ে আইনি লড়াইয়ের জন্য কানাডিয়ান এ আইনজীবী ওই দিনই ঢাকা আসেন।
পায়েমকে হাসিনার সঙ্গে দেখা না করতে দেওয়ার বিষয়ে কারা মহা-পরিদর্শক বলেন, "অন্য কোনও দেশের নাগরিক বাংলাদেশের কারাগারে বন্দি থাকাবস্থায় সংশ্লিষ্ট দেশের নাগরিক বা আইনজীবী তার দেশের দূতাবাসের মাধ্যমে দেখা করার জন্য আবেদন করতে পারেন। বাংলাদেশ সরকার অনুমতি দিলে সেই বন্দির সঙ্গে দেখা করা সম্ভব। কিন্ত বাংলাদেশের কোনও নাগরিক বন্দি থাকাবস্থায় বিদেশি কোনও আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করার বিধান নেই।"
শেখ হাসিনার বিশেষ সহকারী ডা. হাসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজম জে চৌধুরীর দায়ের করা মামলার বিষয়ে কথা বলতে পায়েম আকাভান শেখ হাসিনা ও শেখ সেলিমের সঙ্গে দেখা করতে চান। এ জন্য আমরা তার পক্ষে সোমবার কারা কর্তৃপক্ষের কাছে একটি আবেদন জমা দিয়েছিলাম।"
ডা. হাসান মাহমুদ জানান, ড. পায়েম কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। তিনি যুগোস্লাভিয়া ও রুয়ান্ডায় যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক আদালতের আইন বিষয়ক উপদেষ্টা ছিলেন।
শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, "পায়েম আকাভান আপাতত শুনানিতে অংশ নেবেন না। তিনি পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন। মামলার কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি পাবলিক ট্রায়াল হচ্ছে কিনা তা তিনি পর্যবেক্ষণ করবেন। প্রয়োজন হলে পরে তিনি শুনানিতে অংশ নিতে পারেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এমআই/১৩০৩ ঘ.
bdnews24