জয়পুরহাট, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা রেল স্টেশনের কাছে মঙ্গলবার সকালে ট্রেনে কাটা পড়ে এক নারী তার শিশু সন্তানসহ নিহত হয়েছে।
নিহতরা হলেন, আবৃতি মোহন্ত (২৮) এবং তার দুই বছর বয়সী মেয়ে লতি মোহন্ত।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবৃতি বাগজানা রেল স্টেশনের উত্তর দিকে রেল লাইনের পাশে গরুকে ঘাস খাওয়াচ্ছিল। লতি ছিল তা কোলে। সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ওই স্থান দিয়ে যাওয়ার সময় মা ও মেয়ে অসাবধানতাবশত চলন্ত ট্রেনের নিচে পড়ে যায়।
ট্রেনে কাটা পড়ে আবৃতি ও লতি ঘটনাস্থলেই মারা যায় বলে লতিফ মণ্ডল জানান।
নিহত আবৃতি মোহন্ত পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের রতন মহন্তের স্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪০ ঘ.
bdnews24