২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের আদেশ স্থগিত, মির্জা আব্বাসের দুর্নীতির মামলা চলবে

সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে সরকারি ১৮টি বাড়ি বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 12:54 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে সরকারি ১৮টি বাড়ি বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। এর ফলে বিশেষ আদালতে এ মামলার কার্যক্রম চলবে। এ মামলায় হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের বেঞ্চ হাইকোর্টের আদেশের ওপর স্থগিত করে দেন। আপিল বিভাগের আদেশের পর কমিশনের আইনজীবী খোরশেদ আলম খান সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ। এখন বিশেষ আদালতে এ মামলার বিচার কাজ চলতে কোনও বাধা নেই।" গত ২ জানুয়ারি হাইকোর্ট মির্জা আব্বাসের বিরুদ্ধে এ মামলা কার্যক্রম পরিচালনার ওপর তিন মাসের স্থগিতাদেশ দেয়। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শহিদুল আলম গত বছরের ২৯ মার্চ মতিঝিল থানায় এ মামলা দায়ের করেন। গত ১৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপপরিচালক রেজাউল হাসান তরফদার। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন। মির্জা আব্বাস ২০০৭ সালের ২৫ ফেব্র"য়ারি গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৮৫২ ঘ.