২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় উপকূল রক্ষীদের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু নিহত

বরগুনার পাথরঘাটা উপজেলায় বিষখালী নদীর মোহনায় রোববার রাতে উপকূল রক্ষীবাহিনী (কোস্টগার্ড) ও বনদস্যুদের 'বন্দুকযুদ্ধে' আলমগীর হোসেন মোল্লা (৪২) নামে এক জন নিহত হয়েছে। নিহত ব্যক্তি বনদস্যু বলে উপকূল রক্ষীরা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 08:49 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

বাগেরহাট/বরগুনা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার পাথরঘাটা উপজেলায় বিষখালী নদীর মোহনায় রোববার রাতে উপকূল রক্ষীবাহিনী (কোস্টগার্ড) ও বনদস্যুদের 'বন্দুকযুদ্ধে' আলমগীর হোসেন মোল্লা (৪২) নামে এক জন নিহত হয়েছে। নিহত ব্যক্তি বনদস্যু বলে উপকূল রক্ষীরা জানিয়েছে। কোস্টগার্ডের পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার গোলাম মোস্তফা জানান, সুন্দরবন থেকে চোরাইকাঠভর্তি একটি ট্রলার নিয়ে বনদস্যুরা পালাচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে বিষখালী নদীর লালদিয়ার চরের কাছে উপকূল রক্ষীরা ট্রলারটি ধাওয়া করে। তখন ওই ট্রলার থেকে দস্যুরা গুলি ছুড়লে উপকূল রক্ষীরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে দস্যুরা তীরের কাছে ট্রলারটি ভিড়িয়ে পালিয়ে যায়। পরে দস্যুদের ট্রলার থেকে গুলিবিদ্ধ আলমগীরকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় উপকূল রক্ষীরা। রাত ১টার দিকে সেখানেই তার মৃত্যু হয় বলে গোলাম মোস্তফা জানান। আলমগীরের লাশ সোমবার পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি গ্রামে। ট্রলার ভর্তি চোরাই কাঠও উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৪৪১ ঘ.