নাটোর, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিতর্কিত সংগঠন ফ্রিডম উন্নয়ন সংস্থা, প্রভাতি গ্রাম উন্নয়ন সংস্থাসহ এ জাতীয় সকল সংগঠনের নতুন সদস্য সংগ্রহ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে এসব সংগঠনের সব অনিয়ম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফ্রিডম উন্নয়ন সংস্থা ও প্রভাতি গ্রাম উন্নয়ন সংস্থার কার্যক্রম নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস এম এহসান কবিরের সভাপতিত্বে সভায় গণমাধ্যম কর্মী,বেসরকারি সংগঠনের কর্মকর্তা এবং ওই সংগঠন দুটির কার্যকরী কমিটির সদস্যরা অংশ নেয়।
সভায় গণমাধ্যম কর্মী ও বেসরকারি সংগঠনের কর্মকর্তারা অভিযোগ করেন, সংগঠনগুলো অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচয় দিয়ে সমাজসেবা অধিদপ্তর থেকে সনদ নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করছে। তারা প্রশিক্ষণ ফি'র কথা বলে সদস্যদের কাছ থেকে ৩ হাজার ২'শ টাকা করে আদায় করছে বলেও অভিযোগ করা হয়।
এ সব অভিযোগের ব্যাপারে সংগঠন দুটির কার্যকরী কমিটির সদস্যরা সন্তোষজনক কোন ব্যাখ্যা দিতে পারেননি।
সভায় জেলা প্রশাসক এস এম এহসান কবির ফ্রিডম উন্নয়ন সংস্থা, প্রভাতি গ্রাম উন্নয়ন সংস্থাসহ এ জাতীয় সকল সংগঠনের সদস্য সংগ্রহ নিষিদ্ধ করেন।
তিনি আগামী এক মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে সংগঠনের কার্যকরী কমিটি গঠনের নির্দেশ দেন। এছাড়াও সংগঠনের প্রতিটি ইউনিটকে আলাদা আলাদা ব্যাংক হিসাব খোলার নির্দেশ দেওয়া হয়। সদস্যদের নিকট থেকে আদায়কৃত টাকা ও শাড়ি বেচাকেনার টাকা সমূদয় ব্যাংকের মাধ্যমে হিসাব পরিচালনার তাগিদ দেওয়া হয়।
সংগঠনগুলো নিবন্ধনের শর্ত মেনে চলছে কি না তা খতিয়ে দেখার জন্য সমাজ সেবা কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়।
সভায় জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনোজ কান্তি বড়াল, অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট রওনক মাহমুদ, পুলিশ সুপার গোলাম মাহমুদসহ জেলা সমাজসেবা কর্মকর্তা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩০ ঘ.
bdnews24