ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো সংক্রান্ত একটি দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী মওদুদ আহমেদ ও সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের সহকারী পরিচালক এসএম সাহিদুর রহমান রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ আবেদন করেন।
আদালতে দুদকের প্রসিকিউটিং বিভাগের কর্মকর্তা মো. আবদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্ধারিত হাকিম মো. গোলাম রাব্বানী ছুটিতে থাকায় ওই আবেদনের ওপর সোমবার শুনানি এবং আদেশ দেওয়া হবে।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, ফেনী, ছাতক ও কামতা গ্যাস ক্ষেত্রে গ্যাস উত্তোলনের কাজ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নাইকো রিসোর্সেসকে দেওয়ার অভিযোগে খালেদা জিয়া, মওদুদ আহমেদ, প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনসহ কয়েক জনের বিরুদ্ধে একটি মামলা হয়। তদন্তের স্বার্থে মওদুদ আহমেদ ও মোশাররফ হোসেনকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মাহবুবুল আলম বাদি হয়ে গত ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব খোন্দকার শহীদুল ইসলাম এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
নাইকো সংক্রান্ত দুর্নীতির অভিযোগে একইদিন শেখ হাসিনার বিরুদ্ধেও একটি মামলা হয়। দুদকের উপ-পরিচালক সাব্বির হাসানের দায়ের করা ওই মামলার অপর আসামিরা হলেন, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. এস এ সামাদ, সাবেক জ্বালানি সচিব ড. তৌফিক ই এলাহী চৌধুরী ও এম আকমল হোসেন, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ও কাশেম শরীফ।
সেলিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন: সম্পদের হিসাব দাখিল সংক্রান্ত দুর্নীতি মামলায় বাগেরহাট-২ আসনের সাবেক বিএনপি সাংসদ এমএএইচ সেলিমকে গ্রেপ্তার দেখানোর জন্য মামলাটির তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শামসুল আলম রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করেছেন।
এ বিষয়ে মঙ্গলবার হাকিম গোলাম রাব্বানী আদেশ দেবেন বলে দুদকের প্রসিকিউটিং কর্মকর্তা আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সেলিমের বিরুদ্ধে গত বছরের ৬ ডিসেম্বরে রমনা থানায় এ মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. আলী আকবর। মামলায় সেলিমের স্ত্রী আমেনা বেগম, মেয়ে সাহারা সেলিম ও ছেলে মেহেদী হাসানকেও আসামি করা হয়।
সাবেক সাংসদ সেলিম বর্তমানে কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৭১৯ ঘ.
bdnews24