মানিকগঞ্জ, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাটুরিয়া ফেরি ঘাটে যানজট পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। ঘাটে গাড়ির দীর্ঘলাইন রোববার ভোররাত থেকে কমতে শুরু করে। সকালে খুব একটা যানজট ছিল না। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপারকে গুরুত্ব দেওয়ায় অনেক ট্রাক আটকে আছে।
একটি ফেরি নষ্ট হওয়া এবং ইজতেমা ফেরত গাড়ির চাপে শনিবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঢাকা থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী বহু যাত্রী ঘাটে আটকা পড়েন।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবারের সৃষ্ট যানজট পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। সকাল সাড়ে ১০টায় মহাসড়কে গাড়ির লাইন ছিল না। ভোরের দিকে সব গাড়ি ঘাটের টার্মিনালে ঢুকে পড়ে।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা জানান, ঘাটে এখন ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক ও অর্ধশত যাত্রীবাহী বাস পারের অপেক্ষায় রয়েছে। তবে এ অবস্থাও কিছু সময়ের মধ্যে কেটে যাবে।
অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী গাড়িগুলোকে পার করায় পণ্যবাহী ট্রাক ঘাটে জমে গেছে বলে ঘাট কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৮ ঘ.
bdnews24