২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নতুন আদালত ভবনের কাজ নির্ধারিত সময়েই শেষ হবে: গৃহায়ন উপদেষ্টা

শত বছরের পুরনো আদালত ভবনের মূল নির্মাণ শৈলী ঠিক রেখে এর সংস্কার এবং আগের মতই ব্যবহার করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন, গণপূর্ত ও যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2008, 09:34 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শত বছরের পুরনো আদালত ভবনের মূল নির্মাণ শৈলী ঠিক রেখে এর সংস্কার এবং আগের মতই ব্যবহার করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন, গণপূর্ত ও যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের। এছাড়া ২০০৯ সালের নির্ধারিত সময়েই নতুন আদালত ভবনের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। শনিবার সকালে চট্টগ্রাম নতুন আদালত ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান। প্রায় ৪৭ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে নির্মীয়মাণ নতুন আদালত ভবনে ৬০ টি এজলাস, একটি ব্যাংক, একটি ডাকঘরসহ ভেন্ডার টাইপিস্টদের জন্য পর্যাপ্ত স্থান থাকবে। এছাড়া এই ভবনে থাকবে ছয়টি লিফটসহ আধুনিক সব সুবিধা। চট্টগ্রাম গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী গোলাম মর্তুজা জানান, ১৯৯৮ সালে শুরু হওয়া এই ভবনটির নির্মাণ কাজ ২০০৯ সালের শেষ নাগাদ শেষ করার কথা রয়েছে। তিনি উপদেষ্টাকে জানান, কাজ শেষ হলে পুরনো আদালত ভবনের জাজেস ব্লক নতুন ভবনে স্থানান্তর সম্ভব হবে। এছাড়া ২০০৯ এর ডিসেম্বর নাগাদ পুরনো ভবনের জাজেস ও কমিশনার ব্লকের মেরামত এবং সংরক্ষণ কাজ পুরোপুরি শেষ হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, গণপূর্ত অধিদপ্তর প্রতি বছর পুরনো ভবনে সংস্কার কাজ সঠিকভাবে করলে ভবনের এ দশা হত না। তিনি জানান, আদালতের বিচারিক কাজ চালাতে প্রয়োজনীয় কক্ষের জন্য সরকার দ্রুত ব্যবস্থা নেবে। এর পাশাপাশি নির্মাণ কাজের প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর ব্যবস্থাও নেওয়া হবে। পরিদর্শনকালে উপদেষ্টা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত প্রকৌশলী এবং ঠিকাদার প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। আদালত ভবন পরিদর্শনকালে গণপূর্ত উপদেষ্টার সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিল, জেলা প্রশাসক আশরাফ শামীম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি এস এম ইসমাইল, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুল্লাহ আল সাফী, জেলা আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৫২৭ ঘ.