ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের মহেশখালী থেকে চারটি দেশি বন্দুক এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে একটি সাটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
আমাদের চট্টগ্রাম অফিস জানায়. কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানক এলাকায় বৃহস্পতিবার রাতে মাটির নিচ থেকে চারটি দেশি বন্দুক উদ্ধার করেছে র্যাব। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
র্যাব-৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, র্যাবের একটি দল মহেশখালীর হোয়ানক এলাকার রাশিদিয়া মাদ্রাসার কাছ থেকে মাটির নিচে লুকিয়ে রাখা বস্তাবন্দী চারটি দেশি বন্দুক উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে শুক্রবার একটি সাটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
রাজশাহী র্যাব-৫ এর কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৭টায় ভবানীপুর গ্রামের সিরাজুল ইসলাম ভিকুর (৪০) বাড়িতে অভিযান চালিয়ে ছাদে রাখা খড়ের গাদা থেকে সাটার গান ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ আরএআর/টিএইচ/এমএসবি/১৯৫৬ ঘ.
bdnews24