বাগেরহাট, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিডর দুর্গত শরণখোলার সাউথখালী ইউনিয়ন পরিদর্শন করেছেন মুসলিম দেশগুলোর সংস্থা- ওআইসির সহকারী মহাসচিব ও মুখপাত্র আতা মানান বাখিত (ATTA MANANE BAKHIT)|
আতা মানান বাকিত বৃহস্পতিবার দুপুরে সড়ক পথে বাগেরহাট পৌছান। বিকেলে তিনি শরণখোলার সিডর দুর্গত সাউথখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তার সফর সঙ্গী ছিলেন বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) উপাচার্য ড. ফজলুল করিম, খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ড. একেএম আসাদুজ্জামান এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ প্রতিনিধি অবসরপ্রাপ্ত কর্নেল নাজমুল।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নেওয়াজ তালুকদার জানান, বিকাল চারটায় প্রতিনিধি দলটি শরণখোলায় পৌঁছে পায়ে হেটে সাউথখালী ইউনিয়নের গাবতলা ও দক্ষিণ সাউথখালীর সিডরে বিধ্বস্ত ঘরবাড়ি, বন্দে আলী মিঞা জামে মসজিদসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বাগেরহাটের জেল প্রশাসক সহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মো. আসাদুজ্জামান ও সাউথখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চায়েত এ সময় তার সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫২ ঘ.
bdnews24