চট্টগ্রাম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ দেওয়া নেওয়ার সময় চট্টগ্রাম কাস্টমস হাউসের এক কর্মকর্তা এবং সিঅ্যান্ডএফ কর্মচারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সকালে কাস্টমস হাউসে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কাস্টমসের প্রিন্সিপাল এ্যাপাইজার আব্দুর রাজ্জাক ও সিঅ্যান্ডএফ কর্মচারি শাহজাদা মো. শরীফ।
বন্দর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে কাস্টমস হাউসের দোতলায় একটি ফাইল ছাড় করানোর জন্য শাহজাদা কাস্টমস কর্মকর্তা আব্দুর রাজ্জাককে পাঁচ'শ টাকা দেন। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা তাদের হাতে নাতে ধরে ফেলে। পরে তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়।
তিনি জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৫২০ ঘ.
bdnews24