২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় তিনটি অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর পল্লবী এলাকায় আত্মহত্যা করেছেন মিরপুরের বিসিআইসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফারহানা ইসলাম লিজা (১৭)। এছাড়া রাতে পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও দু'জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 06:30 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবী এলাকায় আত্মহত্যা করেছেন মিরপুরের বিসিআইসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফারহানা ইসলাম লিজা (১৭)। এছাড়া রাতে পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও দু'জন। পল্লবী থানার উপপরিদর্শক ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফ্যানের সঙ্গে ওড়নার সাহায্যে ফাঁস দিয়ে মারা গেছেন লিজা। বুধবার সকাল ১১টার দিকে তার পরিবারের লোকজন তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থা থেকে দ্রুত একটি ক্লিনিকে নিয়ে যান। সন্ধ্যার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পল্লবী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান তিনি। ফারহানার বাবার নাম সিরাজুল ইসলাম কবির। লিজা বাণিজ্যে উচ্চ মাধ্যমিকের ছাত্রী। তারা বর্ধিত পল্লবীর ২/৫ নম্বর বাসায় থাকতেন। দু' ভাই এক বোনের মধ্যে লিজা সবার বড়। ওমর ফারুক আরও জানান, রাত ১০টার দিকে পল্লবী এলাকায় পূরবী সিনেমা হলের পেছনে মাইক্রোবাস চাপায় ইস্কান্দার আলম (৩০) নামে এক সবজি বিক্রেতা মারা গেছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, ইস্কান্দার পূরবী সিনেমার পেছনে ভ্যানে করে সবজি বিক্রি করার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালকসহ মাইক্রোবাসটি আটক করেছে পুলিশ। ইস্কান্দার মিরপুরের ৭ নম্বর সেকশনের ৪ নম্বর সড়কের একটি বাসায় থাকতেন। এদিকে, আমাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, রাত পৌনে ১১টার দিকে আমিন বাজার ব্রিজ এলাকা থেকে আনা আক্তার মণ্ডল (২৫) নামের আহত এক মটরসাইকেল আরোহী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। হাসপাতালের নিবন্ধন খাতায় লেখা তথ্যের ভিত্তিতে তিনি জানান, আক্তার মণ্ডল মিরপুরের পশ্চিম মনিপুরে থাকতেন। তাকে হাসপাতালে নিয়ে আসা লোকজন জানিয়েছেন, তিনি মটরসাইকেলে করে সাভারের দিকে যাচ্ছিলেন। আমিন বাজার ব্রিজ পার হওয়ার পর গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/এমএইচবি/০০১৯ ঘ.