২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন মুসল্লিরা

বিশ্ব ইজতেমায় যোগ দিতে মুসল্লিরা টঙ্গীর ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। ইজতেমার সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন তাবলিগ জামাতের মুরুব্বি ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 05:05 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব ইজতেমায় যোগ দিতে মুসল্লিরা টঙ্গীর ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। ইজতেমার সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন তাবলিগ জামাতের মুরুব্বি ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। এদিকে বিশ্ব ইজতেমা উপলক্ষে ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২৭ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানী ও গাজীপুরের বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রাখা হবে। এই ২৪ ঘণ্টা জনসাধারণকে বিকল্প পথে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, এ বছর ইজতেমা মাঠকে জেলাওয়ারী ৩১টি খিত্তায় ভাগ করা হয়েছে। গত বছর খিত্তার সংখ্যা ছিল ২৬টি। ইজতেমা মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে টঙ্গীর গুরুত্বপূর্ণ স্থান, ইজতেমা মাঠ ও আশপাশে র‌্যাব, পুলিশ, দাঙ্গা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ইতোমধ্যে অবস্থান নিয়েছে। ইজতেমা মাঠের উত্তর প্রান্তে মন্নু টেক্সটাইলের ভেতরে জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব ও টঙ্গী পৌরসভার নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। মাঠের বিভিন্ন প্রান্তে পুলিশের ছয়টি উপ-নিয়ন্ত্রণ কক্ষ, টেলিফোন শিল্প সংস্থার একটি বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ, ডিজিএফআই, দমকল বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি করে এবং ইজতেমা কর্তৃপক্ষের ৪টি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। এসব নিয়ন্ত্রণ কক্ষে অস্থায়ী ভিত্তিতে ২৫টি টেলিফোন সংযোগ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে র‌্যাবের নিয়ন্ত্রণ কক্ষে স্পেশাল সিকিউরিটি ফোর্সসহ (এসএসএফ) অন্যান্য নিরাপত্তা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি সমন্বয় সভা হয়। সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য পাঁচ স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করেছে। এছাড়া সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের জন্য মাঠের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিভিন্ন সংস্থার নিয়ন্ত্রণকক্ষ, পর্যবেক্ষণ টাওয়ার ও ক্লোজড সার্ভিস ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইজতেমার নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বিকেলে জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আরেকটি সভা হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ড. এম তামীম, স্বরাষ্ট্র সচিব এ করিম, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (বিশেষ শাখা) ড. বাহারুল আলম, ঢাকা রেঞ্জের সহকারি মহা পরিদর্শক মো. আমির উদ্দিন, গাজীপুরের পুলিশ সুপার মো. আলমগীর আলম, টঙ্গী পৌর চেয়ারম্যান আজমত উল্লা খান প্রমুখ এ সভায় উপস্থিত ছিলেন। ইজতেমা উপলক্ষে সব আন্তঃনগর ট্রেন বুধবার থেকে টঙ্গী জংশনে দুই মিনিটের বিরতি দিচ্ছে। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত তা চলবে। এছাড়া বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী-আশুলিয়া সড়কসহ ইজতেমা মাঠের আশপাশের সব সড়কে রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ইজতেমায় আসা মুসল্লিদের চিকিৎসা সেবা দিতে টঙ্গী ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অতিরিক্ত ৪০টি শয্যা সংযোজন করা হয়েছে। এছাড়া অ্যাজমা, ট্রমা, বার্ন ও ডায়রিয়া রোগীদের জন্য আলাদা বিভাগ চালু করা হয়েছে। এ ছাড়া মুন্নু টেক্সটাইল মিল মাঠে ৪০টি সংস্থা ফ্রি মেডিকেল সেন্টার স্থাপন করেছে। টঙ্গীর পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট আজমত উল্লা খান জানান, খাবার দোকান ও রেস্তোরাঁগুলোতে বিশুদ্ধ খাবার সরবরাহ নিশ্চিত করতে ২৪টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। এদিকে পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রগতি সরণী ক্রসিং থেকে টঙ্গী হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়ক, আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া হয়ে বাইপাইল ক্রসিং পর্যন্ত, মিরপুর মাজার রোড থেকে বেড়িবাঁধ, চিড়িয়াখানা থেকে বেড়িবাঁধ এবং পল্লবী ইস্টার্ন হাউজিং থেকে বেড়িবাঁধ পর্যন্ত সড়কে ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২৭ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঘোড়াশাল থেকে কালীগঞ্জ পূবাইল হয়ে আসা যানবাহনগুলো টঙ্গী রেলস্টেশনের পূর্বে মারকুল (কে-২) পর্যন্ত চলাচল করতে পারবে। ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ঘোড়াশাল হয়ে ঢাকাগামী যানবাহনগুলোকে ওই রাস্তা ব্যবহার করে কাঁচপুর-যাত্রাবাড়ী সড়কে চলাচল করতে হবে। ইজতেমায় যোগদান করতে যাওয়া মুসল্লি, উত্তরার বাসিন্দা, বিমান যাত্রী ও বিমান ক্রু বহনকারী যানবাহন, দমকল ও নিরাপত্তা বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া অন্য সব যানবাহনকে বিমান বন্দর সড়কের বদলে মিরপুর-সাভার সড়ক ব্যবহার করতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। ঢাকা থেকে যেসব মুসল্লি পায়ে হেঁটে ইজতেমা মাঠে যাবেন তাদের বিমান বন্দর টঙ্গী ব্রিজ সড়কের পরিবর্তে তুরাগ নদীর ওপরে নির্মিত সাতটি বেইলি ব্রিজ অথবা কামারপাড়া ব্রিজ দিয়ে ইজতেমা মাঠে যেতে বলা হয়েছে। ইজতেমাস্থলে কোনো দুর্ঘটনা বা জরুরি প্রয়োজনে নিকটস্থ পুলিশ কন্ট্রোলরুম অথবা ০১৭১৩৩৭৩৩৫৬, ০১৭১৩৩৭৩৩৫৭, ০১৭১৩৩৭৩৩৫৮, ০১৭১৩৩৭৩৩৬২, ০১৭১৩৩৭৩৩৬৪ কিংবা ০১৭১৩৩৭৩২২৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সারাদেশ থেকে আগত মুসল্লিদের বহনকারী যানবাহন পার্কিংয়ের জন্যও স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। এগুলো হলো- সাধারণ পার্কিং নিকুঞ্জ-১ আবাসিক এলাকার খালি জায়গা, সিলেট বিভাগের পার্কিং উত্তরা ৬ নম্বর সেক্টরের রাজউক কলেজের সামনের মাঠ (আংশিক), বরিশাল বিভাগের পার্কিং উত্তরা ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণীর উভয়দিকের মাঠ, ঢাকা বিভাগের পার্কিং উত্তরা ৯ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সংলগ্ন জায়গা, চট্টগ্রাম বিভাগের পার্কিং উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউছুল আজম রোড ও গরীবে নেওয়াজ রোডের উভয় পাশে, খুলনা বিভাগের পার্কিং উত্তরা ১০ ও ১১ নম্বর সেক্টরের রাস্তার উভয় দিকে, রাজশাহী বিভাগের পার্কিং কামারপাড়া হাউজিং মাঠ ও উত্তরা ১০ নম্বর সেক্টরের খালি জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের পার্কিং এর জন্য আশুলিয়া ধৌড় ব্রিজ ক্রসিং সংলগ্ন জায়গা বরাদ্দ করা হয়েছে। ঢাকা জেলার নির্ধারিত পার্কিং হলো আশুলিয়া কলেজ মাঠ, বাইপাইলের বসুন্ধরা গ্র"পের খালি জায়গা, আশুলিয়া গরুর হাট ও আশুলিয়া হাইস্কুল মাঠ। এছাড়া গাজীপুরের চান্দনা হাইস্কুল মাঠ, কে-২/নেভি সিগারেট ফ্যাক্টরি কম্পাউন্ড, কাদেরিয়া টেক্সটাইল কম্পাউন্ড, ভাওয়াল বদরে আলম কলেজ মাঠ ও গাজীপুর চৌরাস্তা ট্রাক টার্মিনালেও গাড়ি রাখা যাবে। নবীনগর-বাইপাইল-আশুলিয়া সড়ক ও প্রগতি সরণী হয়ে এয়ারপোর্ট রোড দিয়ে আসা মুসল্লিবাহী রিজার্ভ বাসগুলোকে বিভাগওয়ারী নির্দিষ্টস্থানে ও ঢাকার ভেতর থেকে আসা মুসল্লিবাহী বাসগুলোকে নিকুঞ্জ-১ এর সাধারণ পার্কিং এ দাঁড়াতে বলা হয়েছে। ভিভিআইপি গমনাগমনের সময় এয়ারপোর্ট রোড, আব্দুল্লাহপুর হয়ে ধৌড় ব্রিজ পর্যন্ত সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। মহাখালী ক্রসিং থেকে টঙ্গী হয়ে গাজীপুর চৌরাস্তা, আব্দুল্লাহপুর থেকে বাইপাইল এবং প্রগতি সরণরি মধ্য বাড্ডা প্রাথমিক বিদ্যালয় থেকে প্রগতি সরণী ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে কোনও যানবাহন পার্ক করা যাবে না বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এমএআর/টিএইচ/জেকে/২৩০০ ঘ.