২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে রাবির শিক্ষার্থীরা লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেবে পুলিশ

রাবির মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে সদ্য কারামুক্ত শিক্ষার্থীদের অভিযোগ লিখিত আকারে পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহীর পুলিশ কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 01:13 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাবির মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে সদ্য কারামুক্ত শিক্ষার্থীদের অভিযোগ লিখিত আকারে পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহীর পুলিশ কর্মকর্তারা। সোমবার কারাগার থেকে বের হওয়ার পর ১০ শিক্ষার্থী ও এক কর্মচারী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাদের বিরুদ্ধে মামলার তদন্ত করতে গিয়ে মতিহার থানার তৎকালীন উপ-পরিদর্শক মুক্তার হোসেন নির্যাতনের হুমকি দিয়ে পরিবারের কাছে অর্থ দাবি করে। অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে রাজশাহীর পুলিশ কমিশনার মাহবুব মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের অভিযোগ পেলে তা যথাযথভাবে মূল্যায়ন ও তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এর আগেই চাকরিচ্যুত হয়েছেন বলে পুলিশ কমিশনার জানান। রাজশাহী পুলিশের পূর্ব জোনের উপ-কমিশনার জিল্লুর রহমান বলেন, পত্র-পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ দেখেছি। তবে শিক্ষার্থীদের কাছ থেকে আমাদের কাছে এ পর্যন্ত কোনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ওই সময়ে তিনি এ থানার দায়িত্বে ছিলেন না এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তাও চাকরিতে নেই। তবে শিক্ষার্থীদের অভিযোগ পেলে তিনি বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কারামুক্ত আয়েন উদ্দিন সাংবাদিকদের বলেন, লিখিত অভিযোগের বিষয়ে বিভিন্ন শিক্ষার্থীর পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ছাত্র বিক্ষোভের মামলায় সাজাপ্রাপ্ত ১০ শিক্ষার্থী ও কর্মচারী সোমবার রাষ্ট্রপতির ক্ষমায় কারাগার থেকে ছাড়া পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০১ ঘ.