ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মধ্য ও দক্ষিণাংশে এ মৌসুমে এখন পর্যন্ত শীত না নামলেও শীতে কাঁপছে উত্তরের জনপদ। গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে ওই অঞ্চলে। মাঘের শীতের পাশাপাশি বুধবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে কয়েক জেলায়। নিউমোনিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাবও দেখা দিয়েছে এসব এলাকায়।
রংপুরে ঠাণ্ডাজনিত রোগে সাত শিশুর মৃত্যু হয়েছে। জয়পুরহাটে আক্রান্তের সংখ্যা ৩৬ জন। আক্রান্তের খবর পাওয়া গেছে পঞ্চগড় থেকেও। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতিনিধিরা।
রংপুর: গত দুদিনে তীব্র শীত ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে এ জেলায় জন জীবনে নেমে এসেছে অচলাবস্থা। তাপমাত্রাও কমে গেছে উল্লেখযোগ্য হারে।
বুধবার ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে শীত হাড় কাঁপানো শীত জাঁকিয়ে বসে। ঠাণ্ডা থেকে বাঁচতে সাধারণ লোকজনকে খরকুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা যায়। খুব প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে না বের হওয়ায় শহরের বেশিরভাগ রাস্তাই ছিল ফাঁকা। মার্কেটগুলোও ছিল অনেকটা ক্রেতাশূন্য।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সেখানে দুই দিনে সাত শিশু মারা গেছে। এ ছাড়া এ হাসপাতালে একই রোগে আক্রান্তের সংখ্যাও শতাধিক।
রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতে এই তাপমাত্রা আরও কম ছিল। এ ধরনের আবহাওয়া আরও দু'একদিন চলতে পারে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।
পঞ্চগড়: তিনদিন ধরে শৈত্য প্রবাহের সঙ্গে মঙ্গলবার রাত থেকে শুরু হয় ইলশে গুঁড়ি বৃষ্টি। গত দুদিন ধরে এ জেলার মানুষ সূর্যের মুখ দেখেনি।
জেলা প্রশাসক মো. হাফিজউদ্দিন তীব্র শীতের জানিয়ে বলেন, "সরকারি ও স্থানীয়ভাবে সংগ্রহ করা পাঁচ হাজার কম্বল ইতোমধ্যেই শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। সেনা ক্যাম্প, বিডিআর, পুলিশ ও রেডক্রিসেন্টের পক্ষ থেকেও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।"
জয়পুরহাট: শৈত্য প্রবাহ, সেই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। আর তাই রাস্তাগুলোতে ছিল সুনশান নীরবতা। এতে স্বল্প আয়ের মানুষজন আয় রোজগারহীন হয়ে শিকার হয়েছেন চরম ভোগান্তির।
জেলায় বুধবার পর্যন্ত কোল্ড ডায়েরিয়ায় ৩২জন এবং নিউমোনিয়ায় ৪ শিশু আক্রান্তের খবর পাওয়া গেছে। তীব্র শীতে আর বৃষ্টির কারণে শীতকালীন শাকসবজিসহ আলু ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা দেখা দিয়েছে।
নীলফামারী: জেলায় শৈত্য প্রবাহ বইছে। শীতের পাশাপাশি বুধবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। মানুষ জন ঘর থেকে খুব একটা বের হচ্ছে না। অনেক বেলাতেও কুয়াশা না কাটায় সূর্যের মুখ দেখা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৬৩৭ ঘ.
bdnews24