ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগস্ট ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের করা আরেকটি মামলার রায়ে মঙ্গলবার কারাবন্দি চার শিক্ষকের মধ্যে ড. আনোয়ার হোসেন, ড. হারুন অর রশিদ, ড. সদরুল আমিনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে ড. নিম চন্দ্র ভৌমিক ও ১৫ শিক্ষার্থীর সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ১০টা ৪০ মিনিটে আসামীদের আদালতে হাজির করার পর খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ঢাকার মহানগর ও দ্রুত বিচার হাকিম মো. গোলাম রাব্বানী এ রায় ঘোষণা করেন।
বিস্তারিত জানাচ্ছেন সুমন মাহমুদ ও আদালত প্রতিবেদক প্রকাশ বিশ্বাস।
৩৬ পৃষ্ঠার রায়ের কেবল মূল অংশটুকু এক মিনিটে পাঠ করেন বিচারক। বিচারক এজলাসে এসে পুরোটা রায় পড়বেন কিনা জিজ্ঞেস করলে আইনজীবীরা বলেন, পুরোটা পড়ার দরকার নেই। এরপর তিনি মিনিটখানেকের মধ্যে রায়ের মূল অংশটি পড়ে এজলাস ত্যাগ করেন।
রায় ঘোষণার পর আসামীদের কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
দণ্ডিত তিন শিক্ষকের আইনজীবীরা বলেছেন, তারা আপিল করবেন কি না সে ব্যাপারে রায়ের অনুলিপি পাওয়ার পর আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ তালুকদার বলেন, "এ রায় রহস্যজনক। এ রায়ের সময় সরকার পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।"
তবে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কবির হোসেন রায়ের কিছুক্ষণ পর তার প্রতিক্রিয়ায় বলেন, "শিক্ষক ও ছাত্ররা জরুরি বিধিমালা ভঙ্গ করে অপরাধ করেছেন। এ রায় যথাযথ।"
রায়ের পর ড. আনোয়ার হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, "আমাদের চার শিক্ষক ও ছাত্রের বিরুদ্ধে রায় নয়, সকল শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই রায়, জাতির বিবেকের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়েছে।"
রায়ের পর আটককৃতদের আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবদের বিমর্ষ দেখা গেছে।
এর আগে সোমবার অপর একটি মামলার রায়ে বেকসুর খালাস পান কারাবন্দি ওই চার শিক্ষক ও ১১ শিক্ষার্থী। পাশাপাশি চার 'পলাতক' ছাত্রের প্রত্যেককে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাস কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে পরে রাষ্ট্রপতি তাদের সাজা মওকুফ করে দেন।
খালাসপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মনিরুজ্জামান সর্দার রুবেল, রিফাত হোসেন জিকু, মো. নজরুল ইসলাম রাসেল, মো. সামসুল কবির রাহাত, মিতুল, রোকনুজ্জামান তালুকদার, তানজিন চৌধুরী লিলি, অপর্ণা পাল, শাহনূর নার্গিস, মো. কামরুজ্জামান, আনোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ, হাসান মামুন, এইচ এস কামরুল হাসান কচি ও আজিজ হাসান।
শাহবাগ থানায় দায়ের করা ৫৪ নম্বর এই মামলার যুক্তিতর্ক গ্রহণ শেষে সোমবার ঢাকার মহানগর ও দ্রুত বিচার হাকিম মো. গোলাম রাব্বানী মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন। গত ২৩ আগস্ট মামলাটি দায়ের করেন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শওকত আহমেদ। এ মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন শাহবাগ থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম।
জরুরি ক্ষমতা বিধিমালা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই চার শিক্ষক ও ১৫ ছাত্রের বিরুদ্ধে গত ১১ ডিসেম্বর অভিযোগ গঠন করা হয়। ১৭ ডিসেম্বর থেকে শুরু হয় এ মামলার সাক্ষ্য গ্রহণ।
জরুরি ক্ষমতা ভঙ্গের এ মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রেখে ও কুশপুত্তলিকা দাহ করে অপরাধ করেছেন।
গত ৯ সেপ্টেম্বর আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।
২৩ আগস্ট রাতে যৌথ বাহিনীর সদস্যরা অধ্যাপক আনোয়ার হোসেন ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক হারুন-অর-রশীদকে আটক করে। পরে সদরুল আমিন ও নিমচন্দ্র ভৌমিক আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়।
সোমবার ছাত্র বিক্ষোভের মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দণ্ড মওকুফ করে দেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। রাষ্ট্রপতির সাজা মওকুফের পরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ ছাত্র ও একজন কর্মচারীকে সন্ধ্যায় রাজশাহী কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের একটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্তও নেওয়া হয় সেদিন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
তবে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মামলার ২৫ আসামির মধ্যে ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/এএইচডি/এএল/এসকে/১১২৭ঘ.
bdnews24