২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর আহ্বানে এবং জিয়ার ঘোষণায় মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল: মতিন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'বাংলাদেশের স্থপতি' আখ্যায়িত করে স্বরাষ্ট্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এমএ মতিন বলেছেন, বঙ্গবন্ধুর আহ্বানে এবং জিয়াউর রহমানের ঘোষণা শুনেই মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'বাংলাদেশের স্থপতি' আখ্যায়িত করে স্বরাষ্ট্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এমএ মতিন বলেছেন, বঙ্গবন্ধুর আহ্বানে এবং জিয়াউর রহমানের ঘোষণা শুনেই মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ এবং প্যারেড স্কোয়ারের নিরাপত্তা সম্পর্কিত এক আন্ত:মন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন। জিয়াউর রহমান তার ঘোষণায় 'বঙ্গবন্ধুর পক্ষে' স্বাধীনতার ঘোষণা দেন বলে তিনি স্বাধীনতার ঘোষক নাকি শুধু ঘোষণাপত্র পাঠক- এ প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে উপদেষ্টা এমএ মতিন বলেন, "বঙ্গবন্ধু স্বাধীনতা ও বাংলাদেশের স্থপতি, এ নিয়ে কোন সন্দেহ নেই। এ নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই।" প্রতি বছরের মতো এবারও রাজনৈতিক নেতা ও সাবেক দুই কারাবন্দি প্রধানমন্ত্রীকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে কিনা- এ প্রশ্নের সুনির্দিষ্ট জবাব না দিয়ে তিনি বলেন, রাজনীতিকদের অনুষ্ঠানে আমন্ত্রণের ক্ষেত্রে অতীতের রীতি অনুসরণ করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের তালিকা অনুযায়ী আমন্ত্রণ পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। উপদেষ্টা বলেন, প্রতি বছরের মতো এবারও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এজন্য এক মাস আগে থেকেই প্রস্তুতি নেয়া হবে। তবে প্রতি বছর বিভিন্ন মন্ত্রণালয়ের 'সাফল্য তুলে ধরে' যে যান্ত্রিক বহর কুচকাওয়াজে অংশ নেয়, তা এ বছর থাকছে না। প্রতিটি মন্ত্রণালয়ের বহরের পেছনে সাধারণত সাড়ে তিন লাখ টাকা করে ব্যয় করা হয়ে থাকে। আর্থিক কারণেই এ বছর এ আয়োজন বাদ দেয়া হচ্ছে। জেলা বা উপজেলা পর্যায়ে এ বছর কোন আয়োজন করা হবে কিনা- এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "তাদের জন্য যে বাজেট দেয়া হয়, তা চাহিদার তুলনায় অনেক কম। তাই ওইসব পর্যায়ে তেমন কোন কর্মসূচি হাতে নেয়া সম্ভব হয় না। সরকার এ বছর এসব ক্ষেত্রে বাজেট বৃদ্ধি করা যায় কিনা, তা বিবেচনা করে দেখবে।" উপদেষ্টা জানান, প্রতি বছর প্যারেড স্কোয়ারে ১৩ হাজার আমন্ত্রিত অতিথির বসার জন্য ব্যবস্থা করা হয় যা চাহিদার চেয়ে কম। এ কারণে এ বছর ২০ হাজার অতিথির বসার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কুচকাওয়াজ ও প্যারেড স্কোয়ারের ব্যবস্থাপনা সম্পর্কে তিনি বলেন, এসব প্রস্তুতির জন্য পাঁচটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর চিকিৎসক দলের সঙ্গে এ বছর একটি ক্ষুদ্রাকৃতি হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২১২৮ঘ.