নাটোর, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ হেফাজতে হাসপাতালে নেওয়ার পথে আসামির মৃত্যুর ঘটনায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। এছাড়া গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগে অজ্ঞাত সংখ্যক আসামির বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলাও হয়েছে।
রোববার রাতে ওসি মোস্তাফিজুর রহমান থানা ছেড়ে গেছেন বলে জানান লালপুর-বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার ও তদন্ত কমিটির প্রধান মির্জা সরাফত আলী।
শনিবার পিয়ারখালী গ্রামের রহমত আলীর ছেলে বিশু (৩৫) ফরিদপুর গ্রামে বাইসাইকেল চুরির অভিযোগে গণপিটুনির শিকার হন। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ গুরুতর অসুস্থ অবস্থায় তাকে আদালতে নিলে আদালত তাকে গ্রহণ করেনি। এরপর পুলিশ হেফাজতে আদালত থেকে হাসপাতালে নেওয়ার পথে বিশুর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠলে সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
সহকারী পুলিশ সুপার ও তদন্ত কমিটির প্রধান মির্জা সরাফত আলী বলেন, "দায়িত্বে অবহেলার অভিযোগে লালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমানকে নাটোর পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে রোববার রাতেই তিনি লালপুর থানা ত্যাগ করেন।"
সরাফত আলী আরও জানান, গণপিটুনি দিয়ে বিশুকে হত্যার অভিযোগে বিশুর খালা রওশানা বেওয়া রোববার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত সংখ্যক ব্যাক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মৃত বিশুর স্ত্রী রেহানা খাতুন কুর্চি বলেন, "আমার স্বামী মাদকাসক্ত ছিলেন। তবে তিনি চুরি করতেন না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমি মনে করি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৬ ঘ.
bdnews24