ঢাকা, ২১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আরো দু'একজনকে নিয়োগ দেওয়া হতে পারে।
সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদেরকে একথা বলেন।
ফাহিম মুনেম বলেন," আরো কয়েকটি মন্ত্রণালয় এখনও অবশিষ্ট রয়েছে। নতুনদের নেওয়ার পর মন্ত্রণালয়গুলো তাদের হাতে দেয়া হবে । যদি কাউকে নেওয়া না হয় তবে এগুলো প্রধান উপদেষ্টার হাতেই থাকবে"।
উল্লেখ্য, ১০ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার ৫ বিশেষ সহকারীর মধ্যে নতুনভাবে দপ্তর বন্টন করার সময় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার পদত্যাগের পর থেকে এই মন্ত্রণালয়টি প্রধান উপদেষ্টার হাতে রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সোমবারের বৈঠক থেকে রুলস অব বিজনেস সংশোধনের প্রস্তাব ফেরত পাঠানো হয়েছে। প্রস্তাবটি আরো পরীক্ষা-নিরীক্ষা করে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়।
রেগুলেটরি রিফর্মস কমিশনের দ্বিতীয় অন্তবর্তীকালীন সুপারিশের ভিত্তিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে রুলস অব বিজনেস এর সংশোধনী প্রস্তাব উপস্থাপন করা হয়।
প্রেস সচিব বলেন, যেসব রুল- রেগুলেশন ওয়েবসাইটে দেয়া হবে তা মন্ত্রণালয় ভিত্তিতে দেয়া হবে, না এজন্য পৃথক একটি ওয়েব সাইট হবে মন্ত্রণালয়কে তা খতিয়ে দেখতে বলা হয়েছে। প্রয়োজনে অন্যান্য দেশ এ কাজটি কীভাবে করছে তাও দেখার পরামর্শ দেয়া হয়।
উপদেষ্টা পরিষদের বৈঠকে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩ সংশোধনী প্রস্তাবও নীতিগতভাবে অনুমোদন করা হয়।
প্রেস সচিব বলেন, এখন থেকে উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা কোন এলাকা পরিদর্শনে গেলে সেখান থেকে ফিরে উপদেষ্টা পরিষদের বৈঠকে রিপোর্ট করতে পারবেন। প্রধান উপদেষ্টা বৈঠকে উপস্থিত সদস্যদের বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন বলে জানান ফাহিম মুনেম।
তিনি বলেন, সাজাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ছাত্রদের জন্য রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার বিষয়টি শিক্ষা উপদেষ্টা বৈঠকে অবহিত করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরো বলেন, শিক্ষা উপদেষ্টা মঙ্গলবার বেলা ৩ টায় সাংবাদিক সম্মেলন করবেন বলে উপদেষ্টা পরিষদকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এসকে/২০৩০ঘ.
bdnews24