বরিশাল, জানুয়ারী ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--উত্তরা ব্যাংক বরিশাল সদর রোড শাখা থেকে সোমবার সকালে তিন লাখ টাকা তুলতে গিয়ে চেক জালিয়াতির অভিযোগে এক যুবক আটক হয়েছে।
ব্যাংক কর্মকর্তাদের হাতে আটক ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য দুপুরের দিকে র্যাবের রুপাতলী কার্যালয়ে নেওয়া হয়।
উত্তরা ব্যাংকের শাখা হিসাব রক্ষক এইচ এম আহম্মেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে দুই যুবক পৃথক ভাবে চেকের মাধ্যমে তিন লাখ টাকা তোলে। কিছুক্ষণ পর অপর এক যুবক তিন লাখ টাকার একটি চেক কাউন্টারে জমা দেয়।
তিনি জানান, চেকটি যুবকের নিজের নয় বলে সন্দেহ হলে তাকে জেরা করেন তিনি। এক পর্যায়ে ৩০-৩২ বছর বয়সের ওই যুবক টাকা না নিয়েই দৌড়ে পালানোর সময় ব্যাংক কর্মকর্তারা তাকে ধরে ফেলে। চেকটি চুরি করা হয়েছে বলে তারা ধারণা করছেন।
বিষয়টি পুলিশকে জানালে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম তাকে ব্যাংকে বসে জিজ্ঞাসাবাদ করেন।
এ সময় যুবক তার নিজের পরিচয় সম্পর্কে এলোমোলো তথ্য দিলে পুলিশের সন্দেহ হয়। পরে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌছালে তাদের কাছে যুবককে হস্তান্তর করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০০ ঘ.
bdnews24