২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির সংলাপ শেষ হলেই দলগুলোর সঙ্গে আলোচনা: প্রধান উপদেষ্টা

নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শেষ হলেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনায় বসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। তিনি সোমবার ভোটার তালিকায় নিবন্ধনের সময় সাংবাদিকদের একথা জানান। দুপুর ১২টার সময় গুলশান মডেল স্কুলে ফখরুদ্দীন আহমদ এবং তার স্ত্রী নীনা আহমদ ছবিসহ ভোটার তালিকায় নিবন্ধিত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 07:42 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শেষ হলেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনায় বসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। তিনি সোমবার ভোটার তালিকায় নিবন্ধনের সময় সাংবাদিকদের একথা জানান। দুপুর ১২টার সময় গুলশান মডেল স্কুলে ফখরুদ্দীন আহমদ এবং তার স্ত্রী নীনা আহমদ ছবিসহ ভোটার তালিকায় নিবন্ধিত হন। ওই সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে- এ বিষয়ে কোনও সন্দেহ নেই। দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন যে সংলাপ করছে, তা শেষ হলেই সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে। প্রধান উপদেষ্টা বলেন, ২০০৮ সালের মধ্যেই নির্বাচন হবে। ভোটার তালিকার কাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। যদি আনুষঙ্গিক কাজ আগেই শেষ হয়, তবে নির্বাচনও এগিয়ে আসবে। গত ১২ জানুয়ারি প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নেওয়ার কথা জানান। ভোটার তালিকায় প্রধান উপদেষ্টার নাম নিবন্ধনের সময় প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান, ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন ইতোমধ্যে আওয়ামী লীগসহ ১৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করেছে। বিএনপির সঙ্গে সংলাপ এখনও হয়নি। সংলাপে বিএনপির কোন অংশকে ডাকা হবে, তা আদালতে গড়িয়েছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী সংলাপ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এমআই/জিএনএ/১৩৩৬ ঘ.