২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্র বিক্ষোভের অপর মামলার শুনানি শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের করা অপর একটি মামলার যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছে। সোমবার দুপুর পৌনে ১২ টায় ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর ও দ্রুতবিচার হাকিম মো. গোলাম রাব্বানীর আদালতে শাহবাগ থানায় দায়ের করা এ মামলার যুক্তিতর্ক শুনানি শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 07:09 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের করা অপর একটি মামলার যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছে। সোমবার দুপুর পৌনে ১২ টায় ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর ও দ্রুতবিচার হাকিম মো. গোলাম রাব্বানীর আদালতে শাহবাগ থানায় দায়ের করা এ মামলার যুক্তিতর্ক শুনানি শুরু হয়। জরুরি ক্ষমতা বিধিমালা ভঙ্গের অভিযোগে গত ১১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন, হারুন অর রশীদ, সদরুল আমিন ও নিম চন্দ্র ভৌমিক ও ১৫ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। জরুরি ক্ষমতা ভঙ্গের এ মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রেখে ও কুশপুত্তলিকা দাহ করে অপরাধ করেছেন। ২৩ আগস্ট রাতে যৌথ বাহিনীর সদস্যরা অধ্যাপক আনোয়ার হোসেন ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন-অর-রশীদকে আটক করে। পরবর্তীতে সদরুল আমিন ও নিমচন্দ্র ভৌমিক আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। এদিকে, ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের করা একটি মামলা থেকে বেকসুর খালাস পেয়ে কাঠগড়ায় বসা চার শিক্ষক ও এক শিক্ষার্থী বলেছেন, যেহেতু তাদের বিরুদ্ধে আরো একটি মামলা বিচারাধীন তাই তারা রায়ের কোনো প্রতিক্রিয়া সাংবাদিকদের জানাবেন না। তবে রায় ঘোষণার পর তারা ছিলেন হাসিখুশী। সোমবার সকালে ঢাকার চার নম্বর মহানগর ও দ্রুত বিচার হাকিম মো. হাবিবুর রহমান সিদ্দিকী যখন ওই মামলাটির রায় দিচ্ছিলেন তখন কারাবন্দি চার শিক্ষক ও এক ছাত্রের প্রধান আইনজীবী এজলাসে উপস্থিত ছিলেন না। খালাসপ্রাপ্ত শিক্ষক ড. নিম চন্দ্র ভৌমিকের স্ত্রী মনিকা ভৌমিক ছাড়া অপর কোন শিক্ষকদের স্ত্রীরাও ছিলেন না সেখানে। রায়ে কারাবন্দি চার শিক্ষক ড. আনোয়ার হোসেন, ড. হারুন অর রশিদ, ড. সদরুল আমিন, ড. নিম চন্দ্র ভৌমিক ও ১১ শিক্ষার্থীকে বেকসুর খালাস দেয় আদালত। পাশাপাশি পলাতক চার ছাত্রের প্রত্যেককে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাস কারাদণ্ড দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/আরএ/জিএনএ/১৩০০ ঘ.