রুহুল আমিন রানা
প্রতিবেদক, চট্টগ্রাম অফিস, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরী চট্টগ্রামে অপরাধ বেড়ে চলেছে। প্রতিদিন নগরীর কোথাও না কোথাও ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটছে। পথচারী, গৃহিণী থেকে শুরু করে ব্যবসায়ী, বাস ও ট্রেন যাত্রীরা হরহামেশাই সর্বস্ব হারাচ্ছেন। এর সঙ্গে যোগ হয়েছে অজ্ঞান পার্টির দৌরাত্ম। পুলিশের নজরদারি সত্বেও জানুয়ারির শুরু থেকে এ পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে ছিনতাই, ডাকাতি ও অজ্ঞান করে সর্বস্ব কেড়ে নেওয়ার মত কমপক্ষে ৩০টি অপরাধ সংঘটিত হয়েছে। বিষয়টি ভাবিয়ে তুলেছে নগরীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিসের প্রতিবেদক রুহুল আমিন রানা।
ছিনতাই, ডাকাতি ও অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রতিদিন অন্তত দুই/তিন জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে ভর্তি হচ্ছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির গত দুই সপ্তাহের প্রতিবেদন অনুযায়ী অন্তত ৪০ ব্যক্তি অজ্ঞান পার্টি ও ছিনতাইয়ের কবলে পড়ে চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। সর্বশেষ শনিবার দুর্বৃত্তদের গুলিতে আহত এক যুবককে হাসপালে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ব্যক্তি এবং ছিনতাইকারীর হাতে আহত হয়ে এক গৃহবধু ভর্তি হয়েছেন।
রুনা আখতার (২৫) ও বাবুল হক (২২) নামে আরও দুইজনকে বৃহস্পতিবার চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগরীর আশকারদীঘি ও বহদ্দারহাট থেকে অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করা হয়। একইদিন আলমাস সিনেমা হলের সামনে শাহজাহান মিয়া ও গৃহবধু তাহমিনা আবসারের কাছ থেকে মূল্যবান মালামাল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
অপরাধ বাড়ার বিষয়ে সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা) আশিকুল হক ভুইয়া জানান, পুলিশি তৎপরতার পাশাপাশি জনগণ সচেতন না হলে অজ্ঞান পার্টির তৎপরতা সহজে বন্ধ করা যাবে না। এর কারণ হিসাবে তিনি বলেন, পেটের দায়ে পড়ে কিংবা নেশার টাকা জোগাড়ের জন্য বিচ্ছিন্নভাবে ভাসমান লোকজন এসব অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। এদের কোন সুনির্দিষ্ট চক্র নেই। এ পর্যন্ত বিভিন্ন জায়াগা থেকে ১০/১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এদের মধ্যে পরস্পর যোগসাজশ পাওয়া যায়নি বলে তিনি জানান।
তিনি বলেন, বাস স্ট্যান্ড, রেলস্টেশন, টাইগারপাস, নিউমার্কেটসহ ৩০টির বেশি জনবহুল স্থানে পুলিশ সক্রিয় রয়েছে। ডাব বিক্রেতা, জুস বিক্রেতা, ফল বিক্রেতাসহ সকল ভ্রাম্যমাণ ফেরিওয়ালা ও হকারদের উপর কড়া নজর রাখা হচ্ছে।
আশিকুল হক বলেন, প্রতিটি থানার কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় যাতে কোন অপরাধ না হয় সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। তারা কোনভাবেই যাতে দায়দায়িত্ব এড়াতে না পারেন সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, নগরীতে ৪২টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে। এছাড়া চিহ্নিত অপরাধীদের ধরতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। জনগণ একটু সহায়তা করলে শিগগির এর সুফল মিলবে বলে তিনি জানান।
পুলিশের টাইগার ফোর্স গঠন, টহল টিম ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো এবং ভাসমান ফেরিওয়ালাদের উপর নজরদারির পরও কমছে না ছিনতাই ও অজ্ঞান পার্টির তৎপরতা।
র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়নের (র্যাব) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশকে সহায়তার পাশাপাশি র্যাব-৭ সদস্যরাও এসব অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে।
তিনি জানান, সিএনজি চালিত অটোরিকশার মাধ্যমে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেশি হচ্ছে। তাই অটোরিকশার মাধ্যমে সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণের জন্য চেকপোস্টের মাধ্যমে নজরদারি বাড়ানোর পাশাপাশি সাদা পোষাকেও তৎপর রয়েছে র্যাবের কয়েকটি দল।
র্যাব-৭ অধিনায়ক বলেন, কিছুদিন থেকে অজ্ঞান পার্টির তৎপরতা হঠাৎ করে বেড়ে গেছে। সাধারণত ভাসমান ফেরিওয়ালা কিংবা বেকার যুবকদের নিজেদের দলে ভিড়িয়ে ছিনতাইকারীরা এ ধরনের কাজ করছে।
তিনি মনে করেন, বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে অপরাধ অনেক কমে যাবে। এ জন্য তৈরি পোশাক কারখানায় নারী কর্মীর পাশাপাশি অধিক হারে পুরুষ কর্মী নিয়োগের জন্য মালিকদের প্রতি তিনি আহবান জানান।
তিনি বলেন, ছিনতাই ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধের পাশাপাশি যাতে তারা লুট করা মালামাল সহজে বিক্রি করতে না পারে সেদিকেও নজর দেওয়া হচ্ছে। সেজন্য নগরীর মার্কেটগুলোতে মোবাইল সেট বিক্রেতাদের পুরনো সেট না কেনার জন্য বলা হবে বলে তিনি জানান।
একইসঙ্গে সাদা পোষাকে র্যাব সদস্যরা রিয়াজউদ্দিন বাজারসহ বড় মার্কেটগুলোর মোবাইল সেট ব্যবসায়ীদের কাছে সেট কেনার যাবতীয় কাগজপত্র আছে কি না তা পরীক্ষা করে দেখার কাজ শিগগিরই শুরু করবেন বলে হাসিনুর রহমান জানান।
তিনি বলেন, শিগগিরই পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে বসে চট্টগ্রামকে নিরাপদে চলাচল উপযোগী করার জন্য সম্মিলিত পদক্ষেপ নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৬০৫ ঘ.
bdnews24