২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধা আর ভালবাসায় শহীদ আসাদকে স্মরণ

২০ জানুয়ারি, রোববার শহীদ আসাদ দিবস। আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও 'আসাদ সরণী'র ভিত্তিস্থাপনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ পৃথক বাণীতে শহীদ আসাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ গেট সংলগ্ন আসাদ স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠন ফুল দেয়। রাশেদ খান মেননের নেতৃত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ছাত্র মৈত্রী, যুবমৈত্রী স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 07:02 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০ জানুয়ারি, রোববার শহীদ আসাদ দিবস। আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও 'আসাদ সরণী'র ভিত্তিস্থাপনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ পৃথক বাণীতে শহীদ আসাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ গেট সংলগ্ন আসাদ স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠন ফুল দেয়। রাশেদ খান মেননের নেতৃত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ছাত্র মৈত্রী, যুবমৈত্রী স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি ফুল দেয়। রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির একাংশ ফুল দেয় আসাদ স্মৃতিস্তম্ভে। পরে একে একে শ্রদ্ধা জানায় ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠন। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমানউল্লাহ মোহাম্মদ আসাদের আত্মত্যাগ ঊনসত্তরের অভ্যুত্থানকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যায়। ছাত্র গণআন্দোলন স্তব্ধ করতে সেদিন পুলিশ গুলি চালালে নিহত হন আসাদ। শহীদ আসাদের আত্মত্যাগকে স্মরণ করতে এ দিনটি আসাদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আসাদের মৃত্যুর চার দিন পর স্কুলছাত্র মতিউর পুলিশের গুলিতে প্রাণ হারালে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। যার পরিণতিতে পতন হয় স্বৈরশাসক আইয়ুব খানের। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বিএনপির একাংশের নেতা খোন্দকার দেলোয়ার হোসেন এবং অপর অংশের নেতা আবদুল মান্নান ভূঁইয়া ও হাফিজউদ্দিন আহমদ পৃথক বাণীতে শহীদ আসাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। শহীদ আসাদের স্মৃতি ধরে রাখতে ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন সড়কটি তার নামে করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন। রোববার বিকাল পৌনে তিনটায় মেডিকেল সংলগ্ন চানখাঁর পুল মোড়ে 'আসাদ সরণি'র ভিত্তিস্থাপন করবেন মেয়র সাদেক হোসেন খোকা। আসাদ দিবস উপলক্ষে বাম গণতান্ত্রিক মোর্চার উদ্যোগে বিকালে বাসদ কার্যালয়ে আলোচনা সভা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৫৬ ঘ.