ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি শিক্ষক-ছাত্রদের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৩ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক ঘণ্টা ক্লাসবর্জনসহ ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষক ছাত্রদের মুক্তির ব্যাপারে সরকারকে বেঁধে দেওয়ার দশ দিন সময় শেষ হওয়ার পর শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্যাতনবিরোধী ছাত্র-ছাত্রীদের ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বিকাল সাড়ে তিনটায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতি পড়ে শোনান হাবিব ইমরান জনি।
নতুন কর্মসূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৯ ও ২০ জানুয়ারি বিকেল তিনটায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। ২১ জানুয়ারি তারা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে এবং অপরাজেয় বাংলার সামনে শিক্ষকদের কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করবে। তারপর সেখানেই অবস্থান নেবে তারা।
২১ জানুয়ারি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্র্থীদের এ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে কালোব্যাজ পরার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া ২২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন এবং ২৩ জানুয়ারি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
এই ৫ দিনের কর্মসূচি ছাড়াও কারাবন্দি শিক্ষক-ছাত্রদের নিঃশর্ত মুক্তি না হওয়া পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা ক্লাস বর্জন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তবে যে কোনো ধরনের পরীক্ষা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতিতে বলা হয়, সরকার ছাত্র-শিক্ষকদের মুক্তির কথা বললেও তা অস্পষ্ট। ৫১ ও ৬৪ নম্বর মামলার ব্যাপারে স্পষ্ট কোনো ঘোষণাও সরকার দিচ্ছে না। ৫৩ ও ৫৪ নম্বর মামলার নিষ্পত্তি হলে ৪ জন শিক্ষক মুক্তি পেলেও কোনো ছাত্র মুক্তি পাবে না। আর সেক্ষেত্রে সব ছাত্রের নিঃশর্ত মুক্তির দাবি অপূর্ণই থেকে যাবে।
বিবৃতিতে আরো বলা হয়, সরকার কারাবন্দি শিক্ষকদের মুক্তি দিয়ে আন্দোলনরত শিক্ষকদের শান্ত করার চেষ্টা করছে। কিন্তু ছাত্রমুক্তির বিষয়টি ঝুলিয়ে রেখে ছাত্র সমাজকে কঠোর অবস্থানে যেতে বাধ্য করছে।
এই জটিল পরিস্থিতির কারণে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের কারাবন্দি ছাত্র-শিক্ষকদের নিঃশর্ত মুক্তি না হওয়া পর্যন্ত 'জীবন বাজি রেখে' আন্দোলন চালিয়ে যাওয়ার সংকল্প প্রকাশ করা হয়।
শীত ও ঈদের ছুটির পর গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় খোলার পর কারাবন্দি শিক্ষক-ছাত্রদের মুক্তির দাবিতে আন্দোলন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কয়েকজন শিক্ষকও এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
এদিকে, বিশ্ববিদ্যালয়টির নীল (আওয়ামীলীগপন্থী) ও গোলাপী (বামপন্থী) প্যানেলের শিক্ষকেরা গত বৃহস্পতিবার থেকে ভর্তি পরীক্ষা স্থগিত, কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এমএ/১৮৫০ঘ.
bdnews24