নোয়াখালী, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষায় দুর্নীতির অভিযোগে কলেজের অধ্যক্ষ এম এম জহুরুল হক রাব্বানী ও ইন্সট্রাক্টর শহিদ উল্যাহকে বৃহস্পতিবার ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
এর পাশাপাশি দুজনকে বরখাস্ত করা হয়েছে। বাতিল করা হয়েছে গত মঙ্গলবারে অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষা।
মঙ্গলবার বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষে বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ইনস্ট্রাক্টর শহিদউল্যাহর বাসায় উত্তরপত্র লেখার সময় দুই ছাত্রসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় ইন্সট্রাক্টর এর কাছ থেকে ঘুষের এক লাখ ১১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অধ্যক্ষ এম এম জহুরুল হক রাব্বানীকে ওই দিনই পুলিশ গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপ পরিদর্শক নেজাম জানান, বুধবার বিকেলে অধ্যক্ষ এম এম জহুরুল হক রাব্বানী, ইন্সট্রাক্টর শহিদউল্যাহ, গ্রেপ্তারকৃত দুই ছাত্র সাকের আহম্মদ ও ইবনে জাবেদ বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
তিনি জানান, আরো জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষ রাব্বানী ও ইন্সট্রাক্টর শহিদ উল্যাহকে বৃহস্পতিবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। রাতেই তাদেরকে বেগমগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
দূর্নীতি ও ভর্তি বাণিজ্য প্রসঙ্গে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নাছের মো. শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষকদের দায়িত্ব ছিল শুধু পরীক্ষার খাতা দেখা ও ক্লাশ নেওয়া। দাপ্তরিক কাজগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতেন অধ্যক্ষ।"
টেক্সটাইল ইনস্টিটিউট ও কলেজগুলোতে ভর্তি বাণিজ্য, দুর্নীতি ও বস্ত্র দপ্তরের সিন্ডিকেট প্রসঙ্গে বস্ত্র অধিদপ্তরের পরিচালক এম সিরাজ উদ্দীন মিয়া টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ রাব্বানী ও ইন্সট্রাক্টর শহিদউল্যাহর গ্রেপ্তার হওয়া আমাদের জন্য দুঃখজনক একটি ঘটনা। তাদের বরখাস্ত করা হয়েছে।"
তিনি বলেন, "বস্ত্র দপ্তরে নানা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। বস্ত্র দপ্তরের নিয়ন্ত্রনাধীন অন্য প্রতিষ্ঠানগুলোতেও যদি এ ধরনের কোন অনিয়ম থেকে থাকে তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৩৪ ঘ.
bdnews24