২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হবে : মইন

নির্বাচনের আগে দেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ। বৃহস্পতিবার তিনি বলেন, '' সবকিছু ঠিক থাকলে সরকার ও নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০০৮ সালের ডিসেম্বরের আগেই নির্বাচন হবে। এটা নির্ভর করছে সকলের আন্তরিক সহযোগিতার ওপর।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 01:30 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের আগে দেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ। বৃহস্পতিবার তিনি বলেন, '' সবকিছু ঠিক থাকলে সরকার ও নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০০৮ সালের ডিসেম্বরের আগেই নির্বাচন হবে। এটা নির্ভর করছে সকলের আন্তরিক সহযোগিতার ওপর।'' সেনাপ্রধান বৃহস্পতিবার সস্ত্রীক বনানী ডিওএইচএস কমিউনিটি সেন্টারের ভোটার নিবন্ধন কেন্দ্রে এসে পরিচয়পত্রের ছবি তোলার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন,'' জুলাই অথবা আগস্ট মাসে চলমান ভোটার তালিকা প্রণয়নের কাজ শেষ হয়ে যাবে। এরপর তা চেক করার কথা। সব ঠিক থাকলে রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। এজন্য রাজনৈতিক দল ও সকলের সহযোগিতা করতে হবে।'' সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান তার ইতিপূর্বে দেওয়া ঘোষণার পুনরাবৃত্তি করে বলেন, তার রাষ্ট্রপতি হওয়ার কোনো ইচ্ছা নেই। তিনি ভোটার তালিকা প্রণয়নের সঙ্গে জড়িত কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। সেনাপ্র্রধানের সঙ্গে তার স্ত্রী বেগম নাজনিন মইনও ভোটার পরিচয়পত্রের জন্য ছবি তুলে নিবন্ধিত হন। এ সময়ে অন্যদের মধ্যে সামরিক সচিব মেজর জেনারেল শফিকুল ইসলাম, আর্মি সিগন্যাল ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল হান্নান, উর্ধ্বতন সামরিক ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত বছরের ২২ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা থাকলেও দেশে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর ওই নির্বাচনী তফসিল বাতিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯২৪ঘ.