চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমিকম্পের বিষয়টি বিবেচনায় রেখে নগরীতে ঝুঁকিবিহীন ভবন নির্মাণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে চট্টগ্রামে দ্বিতীয় রিহ্যাব আবাসন মেলা বৃহস্পতিবার শুরু হয়েছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) চেয়ারম্যান শাহ মুহাম্মদ আখতার উদ্দিন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বৃহস্পতিবার সকালে তিনদিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শাহ মুহাম্মদ আখতার বলেন, "সব শ্রেণীর মানুষের বাস উপযোগী একটি নগর গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে চউক। এজন্য নগরীর উপকন্ঠে কুলগাঁও আবাসন প্রকল্পে নিম্ন মধ্যবিত্তদের জন্য ২০ শতাংশ প্লটের বরাদ্দ রাখা হয়েছে।"
তিনি বলেন, নগরীর উপর চাপ কমাতে ফতেয়াবাদেও নিম্ন বিত্ত ও মধ্য বিত্তদের জন্য নতুন বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে।
রিহ্যাবের কেন্দ্রীয় সভাপতি মোকাররম হোসেন খান বলেন, "নগরীকে ঘনবসতির হাত থেকে রক্ষা করতে রিহ্যাব সরকারের সহযোগী হতে আগ্রহী।"
তিনি আরও বলেন, "ভূমিকম্পের হাত থেকে নগরীকে বাঁচাতে ভবন নির্মাণের দায়িত্ব রিহ্যাবের। রিহ্যাব সে অনুযায়ী পরিকল্পিত নগরী ও ঝুঁকিবিহীন ভবন নির্মাণের জন্য কাজ করছে।"
উদ্বোধনী অনুষ্ঠানে রিহ্যাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীরুল হক প্রবাল, রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সৈয়দ সিরাজুল হক, রিহ্যাব ফেয়ার চট্টগ্রামের আহবায়ক কাজী আইনুল হক ও মোফাখ্খারুল ইসলাম খসরু উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ মেলায় ঢাকা ও চট্টগ্রামের ৪৫টি আবাসন প্রতিষ্ঠান তাদের প্রকল্প, ফ্ল্যাট ও প্লট বিক্রির ঘোষণা দিয়ে মেলায় স্টল সাজিয়েছে।
প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত স্টর খোলা থাকবে।
২০ জানুয়ারি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল মবীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৯০৫ ঘ.
bdnews24