২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল, বাগেরহাট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত

টাঙ্গাইল, বাগেরহাট ও বগুড়ায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল শহর বাইপাসের বিল ঘারিন্দায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে পাঁচ জন মারা যান। বাগেরহাটের মোল্লাহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে নিহত হন তিন জন। বগুড়ার মোকামতলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 12:39 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল, বাগেরহাট ও বগুড়ায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল শহর বাইপাসের বিল ঘারিন্দায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে পাঁচ জন মারা যান। বাগেরহাটের মোল্লাহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে নিহত হন তিন জন। বগুড়ার মোকামতলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন দুজন। টাঙ্গাইল প্রতিনিধি জানান, সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের বিল ঘারিন্দায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে ৫ জন নিহত ও ২০ জন আহত হন। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী আশীষ পরিবহণের বাসটি (ঢাকা মেট্টো-চ-৯০৮৯) উল্টে গেলে ঘনাস্থলে ৪ জন ও হাসপাতালে এক জন মারা যান। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আবদুস সাত্তার (৫০)। বাড়ি সিরাজগঞ্জ সদরের গোহাইলা। আহত ১২ জনকে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার প্রায় দেড় ঘন্টা পর দমকল বাহিনীর সহায়তায় পুলিশ বাসের ভেতর থেকে চার যাত্রীর মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলা হয়েছে। বাসের চালক পলাতক। বাগেরহাট প্রতিনিধি জানান, মোল্লাহাট উপজেলার গাওলা মাদ্রাসা ঘাটে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে অন্তত তিনজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক যাত্রী। তাদের মোল্লাহাট, গোপালগঞ্জ সদর হাসপাতাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। খুলনা থেকে ছেড়ে আসা রুপসী পরিবহণের বাসটি (খুলনা ব ১০৭৬) মাদারীপুর যাচ্ছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী নিহতরা হলেন- মাদারীপুর জেলার চাঁনমিয়া হাওলাদারের স্ত্রী আলেয়া বেগম (৪৫), খুলনার শিরোমনি এলাকার হাকিম শেখের মেয়ে স্বপ্না আক্তার (১৩) ও মাসুম (৩৫)। তবে মাসুমের আর কোনো পরিচয় পাওয়া যায়নি। মোল্লাহাট হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী আহতরা হলেন- কাকলী রায় (৪৫), মাসুম বিল্লাহ (৫), নাজমা (৩০), চাঁনমিয়া হাওলাদার (৬০), তাহমিনা (২৫), রাবেয়া (৮), জাহানারা বেগম (৫৫), চম্পা (৪৫), সৈয়দ আব্দুল আজিজ (৬০), সেলিনা (৫০), মনোয়ারা (৫০), রিনা (২৫), সেলিমা (১৫), নূর ইসলাম (৪৫), আনিস (৪৫), মনির (২৮), নূরুল হক ফকির (৫০), সুনাম উদ্দিন (৬০), মেরাজ (২২), রহমান হাওলাদার (৬৫), কবীর (২৬) ও সোহাগ (১২)। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, মাদারীপুরগামী বাসটি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে আসার পর সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারায়। বাসটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় দুই জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত বাসের নিচে আরও কোন যাত্রী চাপা পড়ে আছে কি না তা নিশ্চিতভাবে জানা যায়নি। বগুড়া প্রতিনিধি জানান, মোকামতলায় যাত্রীবাহী কোচ ও সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। বুধবার রাত ২টা ৭ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারী অভিমুখী ইউরিয়া সার বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ন-৯৯৪৬) বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা জয়পুর রাস্তার মোড়ে পৌঁছালে এর সামনের ডান দিকের চাকা ফেটে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একই সময় ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী কোচ নিউ এ বি এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো ব-১১-১৩৭৪) ঘটনাস্থলে এসে পড়লে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে দুই যাত্রী মারা যান। এদের মধ্যে একজন হলেন- ঠাকুরগাঁ জেলার বীরগঞ্জ থানার ফজলু মিয়ার স্ত্রী জরিনা বেগম (৫৫)। অপর জনের বয়স আনুমানিক (৪৫)। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আহত দুইজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকী পাঁচজনকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুটি গাড়ির চালক ও তাদের সহকারীর অবস্থা আশংকাজনক। মোকামতলা পুলিশ তথ্য কেন্দের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৬ ঘ.