ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের বৃহস্পতিবার জানিয়েছেন, ভারতের সম্মতি পেলে তিন মাসের মধ্যে ঢাকা-কলকাতা সরাসরি রেল যোগাযোগ চালু করা সম্ভব।
দুপুরে ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর সঙ্গে এক বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।
পূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ে উপদেষ্টার দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
গোলাম কাদের বলেন, "আমরা চুক্তির কপি ভারতের কাছে পাঠিয়েছি। ভারত সরকার চুক্তিতে সই করে ফেরত পাঠালেই ট্রেন চলাচল শুরু হবে।"
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চুক্তি নবায়নের যে কপি বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো হয়েছে সেখানে কাঁটা তারের বেড়া দেওয়ার প্রসঙ্গটি নেই। ভারতের প্রস্তাবে এ বিষয়টির উল্লেখ ছিল।
তাদের ওই প্রস্তাবের পক্ষে যুক্তি আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ কাঁটা তারের বেড়া নির্মাণ না করার যে প্রস্তাব দিয়েছে তাতেও যুক্তি রয়েছে। এখন বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে।
গোলাম কাদের বলেন, "আগে আমাদের প্রস্তাব ছিল দুই দেশের মধ্যে সপ্তাহে ৫/৬ দিন ট্রেন চলবে। আর ভারত সপ্তাহে এক দিন ট্রেন চালানোর পক্ষে মত দিয়েছিল। তবে এখন সপ্তাহে ৩/৪ দিন ট্রেন চলাচল করার বিষয়ে দুই দেশই একমত হয়েছে।"
তিনি জানান, ট্রেন চলাচল শুরুর জন্য বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
যোগাযোগ উপদেষ্টা বলেন, "ভারতের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চালু হলে পর্যটন ও বাণিজ্য খাতে দুই দেশের মানুষই লাভবান হবে। পাশাপাশি ভারতের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে।"
এছাড়া ভারতের প্রচার মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রচারের বিষয়ে ভারতীয় হাই কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন উপদেষ্টা।
ভারতের ডেপুটি হাই কমিশনার মুক্তা ডি টমার ও রেল উপদেষ্টা জয়া ভার্মা সিন্হা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
ঢাকা-কলকাতা সরাসরি রেল চলাচল শুরুর লক্ষ্যে ২০০৭ এর জুলাই মাসে একটি পরীক্ষামূলক ট্রেন কলকাতা থেকে ঢাকা আসে এবং আরেকটি ট্রেন ঢাকা থেকে কলকাতা যায়। গত রমজান মাসের আগেই সরাসরি ট্রেন চলাচল শুরুর কথা থাকলেও পরে এ ব্যাপারে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচডি-ইএইচবি/আরএ/জেকে/এমএ/১৬৫৯ঘ.
bdnews24