২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে অগ্নিকাণ্ডে ২১ দোকান পুড়ে ছাই

সদর উপজেলায় জালালাবাদ সেনানিবাস সংলগ্ন বটেশ্বর বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ টি দোকান পুড়ে গেছে। বটেশ্বর বাজারের পান্না সুপার মার্কেটের একটি দোকানে সকাল সাড়ে ৭ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে মুর্হুতে তা মার্কেটের সবকটি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় দোকানগুলো বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 09:29 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

সিলেট, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলায় জালালাবাদ সেনানিবাস সংলগ্ন বটেশ্বর বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ টি দোকান পুড়ে গেছে। বটেশ্বর বাজারের পান্না সুপার মার্কেটের একটি দোকানে সকাল সাড়ে ৭ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে মুর্হুতে তা মার্কেটের সবকটি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় দোকানগুলো বন্ধ ছিল। ভয়াবহ এই অগ্নিকান্ডে ১৪ টি কাপড়ের দোকান, তিনটি ফেব্রিকস ও টেইলারিং দোকান, দুটি জুতার দোকান ও দুটি টেলিফোনের দোকানসহ মোট ২১ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সিলেট ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক জাহিদ হোসেন ভূইয়া ঘটনাস্থলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি জানান, ২১ টি দোকান পুড়ে প্রায় ৬০ লাখ টাকা ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যাওয়া সমলা বস্ত্র বিতানের মালিক আবু তালহা সরকার জানান, আগুনের জন্য তালা খুলতে পারেননি। তার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। গুলজার টেইলার্সের মালিক সয়ফুদ্দিন জানান, তার ছয়টি মেশিনসহ প্রায় দুই লাখ টাকার মাল পুড়ে গেছে। বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আকমল হোসেন বলেন, মার্কেটের মোট ২৬টি দোকানের সবকটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিম ঘটনাস্থলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপরিকল্পিতভাবে বিদ্যূৎ সংযোগ দেওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। এর আগে বাজারে আরও তিনবার আগুন লাগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৪৪৫ ঘ.