চট্টগ্রাম, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বিজয় টিভি'র নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তহবিল আত্মসাতের অভিযোগে মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ বুধবার হয়নি। আদালত আগামী ২১ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন নির্ধারণ করেছেন।
বুধবার সাক্ষ্যগ্রহণের ধার্য দিনে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে মামলার ২৭ নম্বর সাক্ষী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক), চট্টগ্রামের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের সাক্ষ্য নেওয়ার কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় সাক্ষ্য গ্রহণ করা যায়নি। বিচারক এস এম সোলায়মান আগামী ২১ জানুয়ারি এ মামলায় সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।
কারাবন্দি মেয়র মহিউদ্দিন চৌধুরীসহ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোখতার আলম ও বরখাস্তকৃত প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন চৌধুরীকে এদিনও আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এম জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদক কর্মকর্তা জাহাঙ্গীর আলম অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এ কারণে আদালত ২১ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন নির্ধারণ করেছেন।
মঙ্গলবার এ মামলার সাক্ষ্যগ্রহণের প্রথম দিন বাদি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবু মোহাম্মদ আরেফ সিদ্দিকী ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলামের সাক্ষ্য নেওয়া হয়। এ মামলায় মোট ৩০ জন সাক্ষী রয়েছে।
গত বছরের ২৭ মে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করা হয়। আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় ওই বছরের ২১ নভেম্বর। গত ১৩ জানুয়ারি মামলার অভিযোগ গঠন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪০৫ ঘ.
bdnews24